ট্রেনে কাটা পড়ে দুজন নিহত
ট্রেনে কাটা পড়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একজন ও লালমনির-হাটের হাতিবান্ধায় আরেকজন নিহত হয়েছেন। উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, ঢাকা-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়ার লাহেড়ী মোহনপুর এলাকায় গতকাল শুক্রবার ভোরে ট্রেনে কাটা পড়ে ৪০ বছয় বয়সী এক ব্যক্তি নিহত হন। তাঁর পরিচয় জানা যায়নি। নিহতের পরনে প্যান্ট ও গেঞ্জি ছিল। লাশ সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গত বুধবার সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী রেলপথের বড়খাতা রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আলতাফ হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের সিংগিমারী গ্রামের বাসিন্দা। লালমনিরহাট-বুড়িমারী রেলওয়ে সেকশনের কমিউটার আপ-৭১ ট্রেনটি বড়খাতা রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর বসে থাকা আলতাফ হোসেনের ওপর দিয়ে গেলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।