ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গতকাল মঙ্গলবার ট্রেনের নিজে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র রিয়াদ হোসেন (১৩) ও বাক্প্রতিবন্ধী শাকালী রানী (৪৫) নামে দুজনের মৃত্যু হয়েছে। এতে আরেক মোটরসাইকেল আরোহী রেবা খাতুন আহত হন।
রিয়াদ উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় আমানুল্লাহ প্রধান উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত। শাকালী উপজেলার জোংড়া ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের কমলেশ্বর কান্তের স্ত্রী। আর আহত রেবা খাতুন (৩৮) রিয়াদ হোসেনের মা।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বুড়িমারী স্থলবন্দর বাজার থেকে রিয়াদ তার মা রেবাসহ মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিল। দর্জিপাড়া রেলক্রসিং পারাপারের সময় ট্রেনে ধাক্কা লেগে মা ও ছেলে আহত হন। আশপাশের লোকজন তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে বিয়াদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওই রেলক্রসিংয়ের প্রায় দুই কিলোমিটার অদূরে একই ট্রেনের নিচে পড়ে মৃত্যু হয় শাকালীর।