ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরে গতকাল রোববার ট্রেনে কাটা পড়ে আরফান আলী (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে শনিবার রাতে জামালপুরের ইসলামপুর উপজেলা শহরে ট্রেনের ছাদ থেকে পড়ার পর কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়।
ময়মনসিংহে নিহত আরফান শহরের পুরোহিতপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আকুয়া মোড়লপাড়া জামে মসজিদের হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন।
ময়মনসিংহ রেলওয়ে পুলিশ জানায়, গতকাল দুপুরে শহরের সি কে ঘোষ রোড রেলক্রসিং এলাকা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন আরফান আলী। এ সময় ময়মনসিংহ থেকে জামালপুরগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ইসলামপুরের ঘটনাটি ঘটে শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের রেলওয়ে স্টেশন এলাকায়। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। জামালপুর রেলওয়ে পুলিশ জানায়, ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ছাদ থেকে ওই যুবক পড়ে যান। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গতকাল সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।