ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
রাজধানীর বিমানবন্দর ও ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে গত দুই দিনে অজ্ঞাতপরিচয় দুজনের মৃত্যু হয়েছে। অসতর্কভাবে রেললাইন পার হতে গিয়ে এ দুর্ঘটনা দুটি ঘটে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
রেলপথ থানা ঢাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, সোমবার রাত সোয়া সাতটার দিকে বিমানবন্দর স্টেশনের পাশে কসাইবাড়ি ক্রসিং এলাকা দিয়ে অসতর্কভাবে যাচ্ছিলেন এক যুবক। এ সময় ঢাকা থেকে জয়দেবপুরগামী এক লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছর। তাঁর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া গতকাল মঙ্গলবার সকালে ক্যান্টনমেন্ট এলাকায় আরেকজন মারা যান। এ সম্পর্কে রেলপথ থানা ঢাকার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলী আকবর বলেন, ক্যান্টনমেন্ট স্টেশনের দক্ষিণ পাশের রেললাইন পার হওয়ার সময় ‘মহুয়া এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন এক যুবক। ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর বয়স আনুমানিক ২৬ বছর।