ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
রাজধানীর খিলক্ষেত এলাকায় গতকাল বুধবার ভোরে ট্রেনে কাটা পড়ে নূরি জান্নাত (২৩) নামের এক গৃহবধূ মারা গেছেন। তিনি মিরপুরের সরকারি বাঙলা কলেজের গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। এ ছাড়া একই এলাকা থেকে গতকাল দুপুরে অজ্ঞাত পরিচয় আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা-পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, খিলক্ষেত রেলগেট এলাকায় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী একটি কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন নূরি জান্নাত। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর পরিবারের সদস্যদের দাবি, কলেজে চতুর্থ বর্ষের একটি পরীক্ষায় অকৃতকার্য হন নূরি জান্নাত। এতে হতাশ হয়ে তিনি আত্মহত্যা করেন।
ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নূরি জান্নাতের পৈতৃক বাড়ি পাবনার ফরিদপুরে। খিলক্ষেত মধ্যপাড়ায় তিনি স্বামী জাহাঙ্গীর আলমের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
এদিকে গতকাল বেলা দুইটার দিকে খিলক্ষেত রেলগেটের দক্ষিণ পাশে রেলপথ মেরামত করতে থাকেন রেলের কয়েকজন কর্মী। এ সময় তাঁরা কটু গন্ধ পান। পরে তাঁরা পাশের জঙ্গলে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
এ সম্পর্কে ওসি আবদুল মজিদ বলেন, গত সোমবার চট্টগ্রামগামী একটি কনটেইনার ট্রেনের সঙ্গে এক ব্যক্তির ধাক্কা লেগেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ধাক্কা লাগার পর ওই ব্যক্তি পাশের জঙ্গলে পড়ে গিয়েছিলেন এবং সেখানেই মারা যান। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।