ট্রেনে কাটা পড়ে নটর ডেম কলেজের ছাত্রের মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আদিবাসী কলেজছাত্র এডিসন ডিখার (১৬) মারা গেছে। সে নটর ডেম কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। কুলাউড়া রেলওয়ে পুলিশের ধারণা, আন্তনগর কালনী এক্সপ্রেস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে সে দুর্ঘটনায় পড়েছে। গত সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। কুলাউড়া রেলওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক নয়টার দিকে কুলাউড়া রেলওয়ে জংশনের উত্তর দিকের আউটার সিগন্যালের কাছে এডিসন ডিখার ট্রেনে কাটা পড়ে। সে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর কালনী এক্সপ্রেসে করে কুলাউড়ায় এসেছিল। রেলওয়ে পুলিশ রাত ১০টার দিকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে। কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গতকাল মঙ্গলবার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, সে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েছে।’ ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এডিসন ডিখার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নুনছড়া খাসিয়াপুঞ্জির জামিলি মারলিয়ারের ছেলে।