ট্রেনে কাটা পড়ে নারী, পিকাপ চাপায় কিশোর নিহত
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী এবং সোনাইমুড়ীর বগাদিয়া এলাকায় পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।
আজ শুক্রবার সকাল পৌনে নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে দুর্ঘটনা দুটি ঘটে। চৌমুহনীতে আছিয়া বেগম (৫০) নামের এক ভিক্ষুক ট্রেনে কাটা পড়েন এবং সোনাইমুড়ীর বগাদিয়া এলাকায় মো. তারেক (১৫) নামের এক কিশোর পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে মারা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া বাজারে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের পাশ দিয়ে মো. তারেক বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল। পথে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান সাইকেলটিকে চাপা দেয়। এতে তারেক গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তারেক সোনাপুর ইউনিয়নের পূর্ব কালিকাপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। এ দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তিন-চারটি যানবাহন ভাঙচুর করে এবং সড়কে অবরোধ করে। প্রায় আধঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে সোনাইমুড়ী থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে সকাল পৌনে নয়টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী রেলস্টেশনের দক্ষিণ পাশে ট্রেনে কাটা পড়ে আছিয়া বেগম (৫০) নিহত হন। তিনি জেলার কবিরহাট উপজেলার চর নলুয়া গ্রামের আবদুল মান্নানের স্ত্রী।
চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হালিম বলেন, ওই নারী বেশ কিছুদিন ধরে চৌমুহনীতে ভিক্ষা করতেন। সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় সোনাপুর থেকে লাকসাম অভিমুখী একটি ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে তাঁরা লাশ উদ্ধার করেন। পরে বিকেলে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে যান।