ট্রেনে কাটা পড়ে নারী পুলিশ কর্মকর্তার মৃত্যু
কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে গাজীপুর আদালতের উপপরিদর্শক অজুফা আক্তারের (৩৮) মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি।
অজুফা আক্তারের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামে। জিআরও হিসেবে তিনি গাজীপুর জেলা আদালতে (জয়দেবপুর আদালত) চাকরি করতেন।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার পুলিশ জানায়, গ্রামের বাড়িতে ছুটি কাটানো শেষে আজ কর্মস্থলে ফিরে যাওয়ার উদ্দেশে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেন ধরতে আসেন অজুফা। সঙ্গে ছিল তাঁর মেয়ে পলি ও গৃহকর্মী। সকাল পৌনে সাতটায় এগারসিন্দুর ট্রেনটি ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছেড়ে যাচ্ছিল। কিছুটা চলন্ত অবস্থায় অজুফা ট্রেনে উঠতে গেলে একপর্যায়ে পা পিছলে ট্রেনের নিচে চলে যান তিনি। এতে তাঁর শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
অজুফা আক্তারের অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়ে পলি আক্তার জানায়, ‘আমরা প্ল্যাটফর্মে এসে দেখি ট্রেনটি ছেড়ে যাচ্ছে। দৌড়ে আমরা ট্রেনের কাছে যাই এবং চলন্ত অবস্থায় ওঠার চেষ্টা করি। মা আগে ওঠার চেষ্টা করে। আমরা তখন মায়ের পেছনে। হঠাৎ দেখি মা ট্রেনের নিচে চলে গেছে।’
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এসআই অজুফা আক্তার দুর্ঘটনার শিকার হয়েছেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। অজুফার লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।