ট্রেনে কাটা পড়ে নারীর এক হাত-পা বিচ্ছিন্ন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শহরের লোকোশেড এলাকায় গতকাল শুক্রবার ট্রেনে কাটা পড়ে এক পথচারীর এক হাত ও এক পা বিচ্ছিন্ন হয়েছে। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই পথচারীর নাম বিলকিস বেগম (৩৫)। তিনি পৌর শহরের শিমলাপল্লী গ্রামের মৃত আব্দুল হামিদের মেয়ে।
সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন, পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, বিলকিস বেগম গতকাল রেললাইনের পাশ দিয়ে হেঁটে শহরের দিকে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে সরিষাবাড়ী স্টেশন থেকে ময়মনসিংহগামী ২৫৪ নম্বর লোকাল ট্রেনটি ছেড়ে যায়। আউটার সিগন্যাল পার হয়ে লোকোশেড এলাকায় পৌঁছালে ট্রেনের হুইসেল শুনে দ্রুত পার হতে গিয়ে বিলকিস বেগম রেললাইনের ওপর পড়ে যান। এ সময় ট্রেনে কাটা পড়ে তাঁর বাঁ হাত ও হাঁটুর ওপর থেকে বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়। পথচারীরা উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মমতাজ উদ্দিন বলেন, ট্রেনে কাটা পড়া এক নারীর বাঁ পা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিলকিসের ভাই সাইফুল ইসলাম বলেন, তাঁর বোন কানে কম শোনে।
সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনমাস্টার আব্দুর রাজ্জাক ও রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইয়ার আলী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।