ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
দিনাজপুরের চিরিরবন্দর রেলস্টেশনে আজ বুধবার ট্রেনে কাটা পড়ে আরতি বালা (৫৫) নামের এক নারী মারা গেছেন। তাঁর স্বামীর নাম নিশান চন্দ্র রায়। তাঁদের বাড়ি চিরিরবন্দর উপজেলার রেল ঘুন্টির কাছে।
চিরিরবন্দর রেলের স্টেশনমাস্টার মো. শহীদুল ইসলাম জানান, স্টেশনের সামনে ২ নম্বর লাইনে আজ বেলা সোয়া একটায় এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, আরতি বালা হেঁটে ২ নম্বর রেললাইন অতিক্রম করছিলেন। সে সময় দিনাজপুর থেকে পার্বতীপুরগামী ঢাকা মেইল ৮ ডাউন ট্রেনটি পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরতি বালার শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।
নিহত নারীর স্বামী নিশান চন্দ্র রায় জানান, মুড়ির ব্যবসা তাঁদের পারিবারিক পেশা। মুড়ি কেনার জন্য আরতি পার্বতীপুর যাওয়ার উদ্দেশ্যে চিরিরবন্দর স্টেশনে আসছিলেন। পেছন দিক থেকে আসা ট্রেনটি বারবার হর্ন দিলেও আরতি তা খেয়াল করেননি।
নিহত নারীর স্বামীর আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই জিআরপি পুলিশ আরতির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।