ট্রেনে কাটা পড়ে নারীসহ তিন জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরার হাঁটুভাঙ্গা রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দুজনের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। একই দিন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে আরেকজনের মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, ঘটনাটি ভোরে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সকাল সাড়ে নয়টার দিকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে রেললাইনের পাশ থেকে একজন পুরুষ ও একজন নারীর খণ্ড খণ্ড লাশ উদ্ধার করা হয়। দুজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পুরুষের শরীরের নানা স্থানে ব্যান্ডেজ ছিল। তাঁর সঙ্গে থাকা ফাইলে একটি প্রেসক্রিপশন ছিল। এতে নাম লেখা ছিল মনির হোসেন (৩৩), পিতা মোস্তাক মিয়া। নিহত ব্যক্তি মনির হোসেন কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফারুক মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ দুটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা লাশের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছি। পরিবারের কাছে লাশ হস্তান্তরের চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, এ ঘটনায় খানাবাড়ি রেলস্টেশনের মাস্টার মো. মনির হোসেন বাদী হয়ে অপমৃত্যুর মামলা দায়ের
করেছেন।

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া বলেন, খাড়াজোড়া এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনের পাশ দিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। একপর্যায়ে একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। তাঁর পরনে ছিল বেগুনি অর্ধহাতা শার্ট ও সাদা-নীল চেক লুঙ্গি।