ট্রেনে কাটা পড়ে পাংশায় কলেজ ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা রেলস্টেশনের পূর্ব পাশে কুড়াপাড়ায় ট্রেনে কাটা পড়ে গতকাল শনিবার দুপুরে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। তাঁর নাম তামান্না আফরোজ তানিয়া। তিনি উপজেলার বাহাদুর গ্রামের ফজল শেখের মেয়ে এবং ড. কাজী মোতাহার হোসেন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুক্ষণ ধরে তামান্না রেললাইনের পাশে দাঁড়িয়ে এক ছেলের সঙ্গে গল্প করছিলেন। পরে কিছুক্ষণ তিনি একা দাঁড়িয়ে ছিলেন। খুলনা থেকে গোয়ালন্দগামী শাটল ট্রেন পাংশা স্টেশন থেকে ছেড়ে এলে তিনি ঝাঁপ দেন। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তারপর তাঁকে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল খালেক জানান, মেয়েটি ট্রেনের নিচে ঝাঁপ দিলে স্থানীয় ব্যক্তিরা তাঁকে হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল গফুর জানান, কুষ্টিয়ার পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী ট্রেনটি কুড়াপাড়ায় পৌঁছালে মেয়েটি ট্রেনের নিচে ঝাঁপ দেন। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।