বাসার একটি মুঠোফোন লুকিয়ে নিয়ে বের হয়েছিল শিশু পারভেজ মিয়া। সঙ্গে আরও তিন শিশুকে নিয়ে নিজেদের দিকে এগিয়ে আসা চলন্ত ট্রেনের ভিডিও করছিল পাশের লাইনে বসে। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রেনে কাটা পড়ে মারা গেছে তাদের তিনজন। অন্য শিশুটি লাফ দিয়ে রেললাইন থেকে সরে যেতে পারায় প্রাণে বেঁচে যায়।
গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকায় এ ঘটনা ঘটে।
সাম্প্রতিক সময়ে রেললাইনে কাটা পড়ে মৃত্যুর বড় একটি কারণ মুঠোফোন। মুঠোফোনে কথা বলতে বলতে বা গান শুনতে শুনতে রেললাইন ধরে হাঁটা বা পার হওয়ার সময় মারা পড়ছে অনেকে।
ঢাকা রেলওয়ে থানার সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদের তথ্যানুযায়ী, নারায়ণগঞ্জ থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত রেলওয়ের একটি থানা এলাকায় চলতি বছরের ৯ মাসে ২৩০টি লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে ১০৬ জন মারা যায় মুঠোফোনে কথা বলতে বলতে রেলপথ পার হওয়ার সময়।
ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল নিহত শিশুরা হলো বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মো. শুভ (১০), পৌর শহরের ভাদুঘর এলাকার ভূঁইয়াবাড়ির আনিস মিয়ার ছেলে ও স্থানীয় ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র পারভেজ মিয়া (১৪) এবং একই গ্রামের বাহার মিয়ার ছেলে ও স্থানীয় দারুল উলুম ভাদুঘর মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র মো. মোনায়েম হোসেন (১২)। শুভ ও পারভেজ সম্পর্কে খালাতো ভাই। লাফিয়ে পড়ে বেঁচে গেছে আফ্রিদি নামের আরেক শিশু।
স্থানীয় লোকজন বলেন, গতকাল সকালে পৌর শহরের ভাদুঘরের ভূঁইয়াবাড়ির পাশে রেলক্রসিং এলাকায় পাশাপাশি দুটি রেললাইন। শুভ, পারভেজ, মোনায়েম ও আফ্রিদি একটি লাইনের ওপর বসে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের দৃশ্য মুঠোফোনের ক্যামেরায় ধারণ করছিল। তারা যে রেললাইনের ওপর বসে ছিল, সেটি দিয়ে একই সময় চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল সুরমা মেইল। সোনার বাংলা এক্সপ্রেসের শব্দের কারণে তারা সুরমা মেইলের শব্দ টের পায়নি। ফলে সেটির নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শুভ ও পারভেজ। ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মোনায়েম গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নিহত পারভেজের বাবা আনিস মিয়া বলেন, অন্যদের অজ্ঞাতসারে মুঠোফোনটি বাসা থেকে নিয়ে আসে পারভেজ। সেটি দিয়েই তারা চলন্ত ট্রেনের দৃশ্য ধারণ করছিল।
প্রত্যক্ষদর্শী কাউসার মিয়া বলেন, ‘প্রথমে ভেবেছিলাম ছেলেগুলো যে রেললাইনে বসে আছে সেটি দিয়ে যে ট্রেন আসছে সেটি হয়তো তারা লক্ষ করেছে। যখন বুঝতে পারলাম যে তারা বিষয়টি খেয়াল করেনি, তখন তাদের উদ্দেশ করে পাথর ছুড়েছিলাম, যেন সরে দাঁড়ায়। পরে দৌড়ে গিয়েও কোনো কাজ হলো না।’
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বলেন, বয়স কম হওয়ায় এলাকাবাসীর অনুরোধে লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।