ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের নিচে কাটা পড়ে মো. মুজাহিদ (৩) ও জিদনী বেগম (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব রেলওয়ে পুলিশ ও শিশুদের পরিবারের সদস্যরা জানান, জিদনী কালিকাপ্রসাদ আদর্শপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। আর মুজাহিদের বাবার নাম মোবারক হোসেন। মুজাহিদের বাড়ি কালিকাপ্রসাদ নয়াহাটি গ্রামে। তারা খালাতো ভাইবোন। আজ দুপুরে মুজাহিদের বাড়িতে বেড়াতে আসে জিদনীর পরিবার। বেলা তিনটার দিকে তারা বাড়ির উঠানে খেলছিল। মুজাহিদের বাড়ির কাছেই কালিকাপ্রসাদ রেলওয়ে স্টেশন। এক ফাঁকে তারা রেলওয়ে স্টেশনের কাছে গিয়ে রেললাইনের ওপরে গিয়ে ওঠে। কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তনগর এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনটি বিকেল পৌনে চারটার দিকে কালিকাপ্রসাদ রেলওয়ে স্টেশনে অতিক্রম করার সময় তারা দুজন ট্রেনের নিচে কাটা পড়ে। ঘটনাস্থলে জিদনী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর মুজাহিদের মৃত্যু হয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।