ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুজনের
মাত্র চার ঘণ্টার ব্যবধানে রাজধানীর মহাখালী ও কমলাপুরে দুটি আলাদা ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের দুজন মারা গেছেন। রেলওয়ে পুলিশ থেকে জানা গেছে, নিহত একজনের বয়স ৪৫, অন্যজনের বয়স ২৫ বছর।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদ রানা প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে মহাখালী রেলগেট এলাকায় দুর্ঘটনা ঘটে। এ সময় সিলেট থেকে ঢাকার কমলাপুরগামী সুরমা মেইলের নিচে পড়ে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তাঁর পরনে ছিল ছাই রঙের একটি ফুল প্যান্ট। তবে শরীরের ওপরের অংশে কোনো পোশাক ছিল না। প্যান্টের পকেটে সামান্য কিছু টাকা পাওয়া যায়। তাঁর লাশ কমলাপুরে রেলওয়ে থানায় পাঠানো হয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।
এদিকে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক জানান, আজ সকাল ১০টার দিকে কমলাপুর ৩ নম্বর প্ল্যাটফর্মের সামনে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ২৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক যুবক মারা গেছেন। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।