ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধীর মৃত্যু
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় আজ মঙ্গলবার ট্রেনে কাটা পড়ে মারা গেছেন জামাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি। রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের পূর্বপাশের রেললাইন পার হওয়ার সময় তাঁর দুই পা কাটা পড়ে। তিনি বাকপ্রতিবন্ধী ছিলেন। তাঁর বাড়ি মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের পানুর গ্রামে।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, ময়মনসিংহ থেকে ২৬২ নম্বর লোকাল ডাউন ট্রেনটি সকাল নয়টা ৩৫ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে এসে পৌঁছায়। এ সময় স্টেশনের রেললাইন পারাপারের সময় জামাল মিয়ার দুই পা ট্রেনে কাটা পড়ে। স্থানীয় লোকজন তাঁকে সেখান থেকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসা কর্মকর্তা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আজ বেলা দুইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।