ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর রেলস্টেশনের কাছে বড়চাপড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তিরা হলো বগুড়ার নন্দীগ্রামের পারসুন গ্রামের নিরঞ্জন প্রামাণিকের স্ত্রী স্বপ্না রানী (৩০) ও তাঁদের দেড় বছরের ছেলে নিলয় প্রামাণিক।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বগুড়া থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাট-সান্তাহার লোকাল ট্রেনটি তালোড়া স্টেশন অতিক্রম করার পর বড়চাপড়া এলাকায় পৌঁছালে স্বপ্না রানী তাঁর কোলে থাকা ছেলেকে নিয়ে রেললাইনের ওপর শুয়ে পড়েন। এতে মা ও ছেলে ট্রেনে কাটা পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে নিহত স্বপ্নার পরিবারের লোকজন প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে আসেন। পরে রেলওয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। স্বপ্না রানীর স্বামীর বাড়ি থেকে ঘটনাস্থল প্রায় ১৫ কিলোমিটার দূরে। নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানান, স্বপ্না রানী তাঁর ছেলেকে নিয়ে গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হন। আলতাফনগর রেলস্টেশনের মাস্টার আবদুস সাত্তার ট্রেনে কাটা পড়ার সত্যতা নিশ্চিত করেছেন।
বগুড়া রেলওয়ে বিভাগের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বিমল চাকী বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।