ট্রেনে কাটা পড়ে মামা-ভাগনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার বাড়ৈচারা গ্রামে ট্রেনে কাটা পড়ে আজ বুধবার সকালে মামা-ভাগনে নিহত হয়েছেন।

নিহত দুজন হলো মামা জাহিদুল লাড়ী (২৫) ও তাঁর আড়াই বছরের ভাগনে তুষার শেখ। শ্রবণপ্রতিবন্ধী জাহিদুল বাড়ৈচারা গ্রামের মজিবর লাড়ীর ছেলে। আর তাঁর ভাগনে তুষারের বাড়ি সদর উপজেলার নিমতলা গ্রামে। তুষারের বাবার নাম হাসান আলী শেখ।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ির পাশে রেললাইনের ওপর তুষার সকাল সাড়ে আটটার দিকে খেলাধুলা করছিল। তাকে রেললাইন থেকে বাড়িতে আনতে যান জাহিদুল। এ সময় রাজবাড়ী থেকে ফরিদপুরগামী আন্তনগর ফরিদপুর এক্সপ্রেস ট্রেন আসে। কানে শুনতে না পাওয়ায় মামা ও তাঁর কোলে থাকা ভাগনে—দুজনেই ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই মামা-ভাগনের মৃত্যু হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।