ট্রেনে কাটা পড়ে মারা গেল মায়া হরিণ, হনুমান
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে গত বৃহস্পতিবার ট্রেনে কাটা পড়ে একটি মায়া হরিণ মারা গেছে। একই দিন লাউয়াছড়ার পাশের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে একটি বিরল প্রজাতির চশমাপরা হনুমানের মৃত্যু হয়েছে।
এর আগে গত ১১ নভেম্বর শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে লাউয়াছড়া উদ্যান এলাকায় গাড়িচাপায় একটি মায়া হরিণ এবং ১৭ আগস্ট একই সড়কের উদ্যান এলাকায় একটি হনুমান মারা যায়।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে উদ্যানের ভেতর ঢাকা-সিলেট রেললাইনে কাটা পড়ে পূর্ণবয়স্ক একটি মাদি মায়া হরিণ মারা গেছে। স্থানীয় খাসিয়াদের কাছ থেকে খবর পেয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৃত হরিণটি উদ্ধার করে। একই দিন সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুরের শিমুলতলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইনের তারে জড়িয়ে একটি চশমা পরা হনুমান মারা গেছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বিটের কর্মকর্তা রেজাউল করিম বলেন, চশমা পরা হনুমান একটি বিরল প্রজাতি। আশপাশের বিদ্যুৎ লাইনে আবরণযুক্ত তার না থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেটি মারা পড়েছে।
লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জাবেদ ভূঁইয়া গতকাল শুক্রবার বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা লাউয়াছড়ার ভেতর থেকে সরিয়ে বিকল্প রাস্তা নির্মাণের দাবি জানিয়ে আসছি। সড়ক ও রেলপথকে অন্যদিকে সরাতে হবে। লাউয়াছড়া ও আশপাশের বিদ্যুৎ লাইনে আবরণযুক্ত তার লাগাতে হবে। অহরহ সড়ক দুর্ঘটনায় বন্য প্রাণী মারা যাচ্ছে। শুধু যেগুলোর কথা গণমাধ্যমে আসে, সেগুলো সম্পর্কে জানা যায়।’