ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলার পূর্ব বামুনপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সখিনা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সখিনা জামালপুর সদর উপজেলার বামনপাড়া এলাকার আবুল কাশেমের স্ত্রী। জামালপুর রেলওয়ে থানার সূত্র জানায়, বিকেলে সখিনা পূর্ব বামুনপাড়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন থেকে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। রেলওয়ে থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জামালপুর রেলওয়ে থানার ওসি নাছিরুল ইসলাম মজুমদার বলেন, এ ঘটনায় রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।