ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও এলাকায় ট্রেনে কাটা পড়ে আবুল কাশেম (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তিনি আত্মহত্যা করেছেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, কমলাপুর স্টেশনমুখী একটি মেইল ট্রেন আসার সময় খিলগাঁওয়ে খিদমাহ হাসপাতাল সংলগ্ন রেললাইনের ওপর শুয়ে পড়েন আবুল কাশেম। খবর পেয়ে সেখান থেকে তাঁর খণ্ডিত লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এক ছেলে ও এক মেয়ের জনক আবুল কাশেম মোটর যানবাহনের যন্ত্রাংশের ব্যবসা করেন। স্ত্রী লুৎফুন্নাহার ও সন্তানদের নিয়ে তিনি পুরান ঢাকার ওয়ারী এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি রংপুর জেলায়।
আবুল কাশেমের তাঁর স্ত্রী পুলিশকে জানান যে, ব্যবসার কারণে প্রচুর ধার-দেনা ছিল আবুল কাশেমের। এ কারণে তিনি দুশ্চিন্তায় ছিলেন।
এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।