ট্রেনে কাটা পড়ে মৃত্যু রোধে মাসব্যাপী কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে কাটা পড়ে মৃত্যু ঠেকাতে মাসব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান লিফলেট বিতরণ করছেন। ছবিটি আজ শনিবার সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: প্রথম আলো
ট্রেনে কাটা পড়ে মৃত্যু ঠেকাতে মাসব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান লিফলেট বিতরণ করছেন। ছবিটি আজ শনিবার সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: প্রথম আলো

ট্রেনে কাটা পড়ে মৃত্যু ঠেকাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের সৈয়দপুর জেলা পুলিশ (জিআরপি) জনসচেতনতামূলক কর্মসূচি নিয়েছে। আজ শনিবার থেকে মাসব্যাপী এই কর্মসূচি শুরু হয়েছে। এ সময় একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রেললাইনের ওপর দিয়ে দুই কিলোমিটার পথ অতিক্রম করে।

সকালে রেলওয়ে স্টেশনে কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান।

পুলিশ সুপার বলেন, রেললাইনের পাশে হাঁটার সময় অনেকে মুঠোফোনে কথা বলে থাকেন। পেছনে ট্রেন আসার বিষয়টি খেয়াল করেন না। ফলে ট্রেনে কাটা পড়ার প্রবণতা বাড়ছে। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে এ ধরনের অনেক খবর প্রকাশিত হয়েছে। তিনি আরও বলেন, কেবল মুঠোফোন ব্যবহার নয়, রেললাইনে বসে থাকা, গরু চরানো, শিশুদের খেলাধুলা, রেলগেট বেরিয়ার বন্ধ থাকলেও তা অতিক্রম করা, চলন্ত ট্রেনে মুঠোফোনে সেলফি তোলা, রেললাইনের পাশে দোকান স্থাপন ইত্যাদি না করার জন্য জনগণকে সচেতন করতে হবে। এ ব্যাপারে স্টেশনে স্টেশনে সচেতনতামূলক পোস্টার লাগানো হবে। মাসব্যাপী জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হবে।

রেলওয়ে পুলিশ সূত্র জানায়, একই রকম কর্মসূচি চলছে ১২টি রেলওয়ে থানা ও ১২টি ফাঁড়িসংলগ্ন সব এলাকায়। ট্রেনে ট্রেনেও এ প্রচার অব্যাহত থাকবে।