ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ছয়সূতি স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই যুবকের নাম সোহাগ খান (২৬)। তিনি উপজেলার উত্তর মাঈজগাঁও গ্রামের আকবর খানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল আটটার দিকে ছয়সূতি স্টেশন এলাকায় সোহাগকে হাঁটাহাঁটি করতে দেখা যায়। কিছুক্ষণ পর কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তনগর এগারসিন্ধুর এক্সপ্রেস নামে ট্রেনটি ছয়সূতি অতিক্রম করে। এরপর রেললাইনের পাশে সোহাগের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়।
সোহাগের বড় ভাই আরিফ হোসেন বলেন, তাঁর ভাই পেশায় রাজমিস্ত্রি ছিলেন। কয়েক বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। সকাল সাড়ে ছয়টার দিকে কাজে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে যান।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদাউস আহমেদ বিশ্বাস বলেন, খবর পেয়ে যুবকের ছিন্নভিন্ন লাশ উদ্ধার করা হয়েছে।