ট্রেনে কাটা পড়ে রাজধানীতে দুজনের মৃত্যু

রাজধানীর খিলক্ষেত ও বিমানবন্দর এলাকায় আজ শুক্রবার সকালে আলাদা দুটি ট্রেন দুর্ঘটনায় দুই ব্যক্তি মারা গেছেন। অজ্ঞাতপরিচয় এই দুজনের বয়স আনুমানিক ৪০ বছর হবে বলে জানায় রেল পুলিশ।
ঢাকা রেলওয়ে থানা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ প্রথম আলোকে বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে বিমানবন্দর রেলস্টেশন ২ নম্বর প্ল্যাটফর্মের ৪ নম্বর লাইনে ঢাকাগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে ঘটনাস্থলেই মারা যান এক ব্যক্তি। তাঁর পরনে ছিল সবুজ-লাল রঙের শার্ট ও চেক লুঙ্গি।
এএসআই রবিউল বলেন, বিমানবন্দর-ক্যান্টনমেন্ট এলাকায় রেললাইন দিয়ে হাঁটার সময় চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের নিচে পড়ে মারা যান আরও একজন। তাঁর পরনে ছিল জিনসের শার্ট ও লুঙ্গি। নিহত দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য দুটি লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।