ট্রেনে কাটা পড়ে রেলের কর্মকর্তা নিহত
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে স্বয়ং রেলওয়ের এক কর্মকর্তা মারা গেছেন। তাঁর নাম আলতাফ হোসেন (৫২)। তিনি বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের হিসাব শাখার অডিটর ছিলেন। তাঁর বাড়ি নগরের ঘোড়ামারা এলাকায়।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের অদূরে নগরের রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁর লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে নিয়ে যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্স সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দপ্তরের পাশেই রেললাইন পারাপার হচ্ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢুকছিল। এই ট্রেনটির নিচেই কাটা পড়েন আলতাফ হোসেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের কর্মীরা তাঁর লাশ উদ্ধার করেন। নিহত ব্যক্তির পকেটে থাকা আদালতের একটি সমনের কপি পাওয়া গেছে। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
জানতে চাইলে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল বলেন, ফায়ার সার্ভিসের লোকজন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছেন। এ ব্যাপারে নগরের রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হবে। তবে রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বেলা দেড়টার দিকে জানান, লাশ মেডিকেল কলেজের মর্গে রয়েছে। হাসপাতাল থেকে রাজপাড়া থানাকে এখনো কোনো চিঠি দেওয়া হয়নি। চিঠি পেলে ময়নাতদন্ত ও লাশ হস্তান্তরের প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।