ট্রেনে কাটা পড়ে শিশুসহ দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কায় পাঁচ মিনিটের ব্যবধানে নগরের দুই জায়গায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে গতকাল রোববার। নিহত ব্যক্তিরা হলেন আজহারুল ইসলাম (৪৫) ও জহিরুল ইসলাম (৮) ।
রেলপথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, বেলা সোয়া তিনটার দিকে সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কায় তেজকুনিপাড়ায় মারা যায় জহিরুল ইসলাম। সে নোয়াখালীর সেনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। শিশুটির স্বজনেরা জানান, জহিরুল মায়ের সঙ্গে ঢাকায় বাবার কাছে বেড়াতে এসেছিল। বাবা দাউদ নবী কাঁচামালের ব্যবসা করেন।
একই ট্রেনের ধাক্কায় বেলা ৩টা ২০ মিনিটে মগবাজারের পেয়ারাবাগে আজহারুল ইসলাম (৪৫) মারা যান। তিনি হলি ফ্যামিলি হাসপাতালের কর্মচারী। আজহারুলের সহকর্মী মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আজহারুল মুঠোফোনে কথা বলতে বলতে রেলপথের ওপর দিয়ে হাঁটছিলেন। লোকজন সতর্ক করলেও ফোন কানে থাকায় তিনি শুনতে পাননি।