ট্রেনে কাটা পড়ে হত্যা মামলার আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঞ্চল্যকর সুবর্ণা হত্যা মামলার পলাতক আসামি মিরাজ হোসেন (৩৭) গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। জয়পুরহাট রেলস্টেশনের দক্ষিণ পাশে তেঘর এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানতে চাইলে সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদ ইকবাল প্রথম আলোকে জানান, রাতেই সান্তাহার জিআরপি থানার পুলিশ মিরাজ হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
সাহিদ ইকবার বলেন, এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরিষ্কার হবে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সান্তাহার জিআরপি থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে।
নিহত মিরাজের বাবা আরমান আলী জানান, আত্মহত্যা না হত্যা তিনি কিছুই বলতে পারছেন না। জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, নিহত মিরাজ হোসেন সুবর্ণা হত্যা মামলার পলাতক আসামি ছিলেন। তিনি সুবর্ণা হত্যা মামলার প্রধান আসামি পলাশ হোসেনের বড় ভাই।