ট্রেনে কাটা পড়ে ‘বকুল মামা’র মৃত্যু
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে খন্দকার আবদুর রশিদ (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি লালমনিরহাটের সাংবাদিকদের কাছে ‘বকুল মামা’ হিসেবে পরিচিত ছিলেন।খন্দকার আবদুর রশিদ লালমনিরহাট শহরের কলেজ রোডে ‘কম্পিউটার কটেজ’ নামের একটি দোকানের মালিক ছিলেন।পারিবারিক সূত্র জানায়, গত রোববার রাতে লালমনিরহাট থেকে নৈশকোচযোগে ঢাকা যাচ্ছিলেন আবদুর রশিদ। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছানোর পর বাসের চাকা ফেটে যায়। তখন আবদুর রশিদ বাস থেকে নেমে রেললাইনে দাঁড়িয়ে আরও কয়েকজন সহযাত্রীর সঙ্গে গল্প করছিলেন। এ সময় ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি সেখান দিয়ে যাওয়ার সময় আবদুর রশিদসহ তিনজনকে ধাক্কা দেয়। এতে তিনজনই ঘটনাস্থলে মারা যান। নিহত অপর দুজন হলেন আমিনুল ও আসাদ। আমিনুলের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার বিন্যাগাড়ি গ্রামে, আর আসাদের বাড়ি একই উপজেলার চৌধুরীপাড়া গ্রামে।আবদুর রশিদের বাবা মুক্তিযোদ্ধা আকবর আলী জানান, তাঁর ছেলে সময় টেলিভিশনের ক্যামেরাম্যানের চাকরির নিয়োগপত্র আনার জন্য ঢাকায় যাচ্ছিলেন। তিনি আরও জানান, লালমনিরহাটের সাংবাদিকেরা তাঁর ছেলের দোকানে কম্পিউটারে কাজ করতেন, ই-মেইলে খবর পাঠাতেন। তা দেখে আবদুর রশিদেরও সাংবাদিক হওয়ার সাধ জাগে, কিন্তু সাংবাদিক হওয়ার আগে তিনি নিজেই সংবাদ হয়ে গেল।