ট্রেনে চেপে বসলেই হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন্দ যাত্রা: বিমানবন্দর স্টেশনের ছাউনির ওপর আগেই উঠে বসে ছিল শত শত যাত্রী। ট্রেন আসার সঙ্গে সঙ্গে তারা নেমে পড়ে ছাদে। টিকিট কাটা যাত্রীরা ভেতরে ঢোকার চেষ্টা করছে। তাদের প্রতিযোগী বিনা টিকিটের যাত্রীরাও। গতকাল বিমানবন্দর রেলস্টেশন থেকে ছবিটি তুলেছেন সাজিদ হোসেন
আনন্দ যাত্রা: বিমানবন্দর স্টেশনের ছাউনির ওপর আগেই উঠে বসে ছিল শত শত যাত্রী। ট্রেন আসার সঙ্গে সঙ্গে তারা নেমে পড়ে ছাদে। টিকিট কাটা যাত্রীরা ভেতরে ঢোকার চেষ্টা করছে। তাদের প্রতিযোগী বিনা টিকিটের যাত্রীরাও। গতকাল বিমানবন্দর রেলস্টেশন থেকে ছবিটি তুলেছেন সাজিদ হোসেন

স্টেশনের ছাউনির ওপর আগেই উঠে বসে ছিল শত শত যাত্রী। উদ্দেশ্য, ট্রেন এলে কেবল পা নামিয়ে ছাদে বসে পড়া। বিমানবন্দর স্টেশনের এই যাত্রীরা জানেন, কমলাপুর থেকে যে ট্রেন ছেড়ে আসবে, তার ভেতরে তিল ধরার ঠাঁই থাকবে না। ফলে ছাদই হতে পারে একমাত্র ঠাঁই।

কিন্তু ছাদেও কি তিল ধরার জো আছে? ট্রেনের ছাদ আর স্টেশনের ছাউনি যুগপৎ হারিয়ে গেছে ঈদযাত্রীর আড়ালে। দুয়ে মিলে যেন মানব-ছাউনি।

ঈদের আগে আর আজকের দিন বাকি ঘরে ফেরার জন্য। ফলে যে যেভাবে পেরেছে, গতকাল ট্রেন ধরার আপ্রাণ চেষ্টা করেছে।

গতকাল সারা দিনে ৬৭টি ট্রেন ছেড়ে যায় কমলাপুর থেকে। এর মধ্যে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস আড়াই ঘণ্টা, রংপুর এক্সপ্রেস দুই ঘণ্টা, ধূমকেতু এক্সপ্রেস এক ঘণ্টা ও সুন্দরবন এক্সপ্রেস দেড় ঘণ্টা দেরি করে ছেড়েছে। এ ছাড়া বিভিন্ন গন্তব্যে কয়েকটি ট্রেন ১৫ থেকে ২০ মিনিট দেরি করে স্টেশন ছেড়েছে।

সকাল ৯টার রংপুর এক্সপ্রেস দেড় ঘণ্টা দেরিতে প্ল্যাটফর্ম ছেড়ে গেলেও কিছুদূর গিয়ে থেমে যায়। তাপানুকূল চেয়ারগুলোর যাত্রীদের অভিযোগ, অন্য বগির স্ট্যান্ডিং টিকিটের যাত্রীরা তাদের আসনে বসে আছে। পরে বিষয়টি সুরাহা হয় স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী ও রেলওয়ে পুলিশ কর্মকর্তার মধ্যস্থতায়। এসির টিকিট ছাড়া বাকি যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেয় কর্তৃপক্ষ। ১১টায় ট্রেনটি স্টেশন এলাকা ছেড়ে যায়।