ট্রেনে ছারপোকা, দায়ী কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের যাত্রী আসনে ছারপোকার উপদ্রপের জন্য দায়ী কে এবং রেলওয়ে কর্তৃপক্ষের কোনো উদাসীনতা রয়েছে কি না, তা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
বগুড়ার সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার ওসি সাঈদ ইকবালকে ২০ নভেম্বর এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের (১) বিচারক মোহাম্মদ আবুল কালাম আজাদ গত ২৯ অক্টোবর এ নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়ায় গত ২৬ অক্টোবর ‘পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনে ছারপোকার উপদ্রপে যাত্রীরা অতিষ্ঠ’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ আদালতের নজরে আসে। আদালত প্রতিবেদনটি পর্যালোচনা করে এটি জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এবং এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের চরম উদাসীনতা রয়েছে বলে মত দেন। বিষয়টি জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত। তাই সংবাদটির বিষয়বস্তুর তদন্ত হওয়া প্রয়োজন। তদন্ত প্রতিবেদনে দায়ী ব্যক্তিদের শনাক্ত, প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ, অবহেলার শুরুর নির্দিষ্ট সময় ও তারিখ এবং বর্তমান অবস্থার বিস্তারিত উল্লেখ করতে বলা হয়েছে।
গত রোববার বিকেলে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাঈদ ইকবাল আদালতের নির্দেশের অনুলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল (সোমবার) থেকেই তদন্ত শুরু করা হবে।’