ট্রেনে ছুড়ে মারা পাথরে নারী প্রকৌশলী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় চলন্ত ট্রেনে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে প্রীতি দাশ (২৪) নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন। প্রীতি তাঁর স্বামীসহ ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন। শনিবার রাত ১১টা ২০ মিনিটে তূর্ণা নিশিথা ট্রেনে এই ঘটনা ঘটে।
প্রীতি সন্দ্বীপের কালাপানিয়ার মিন্টু দাশের স্ত্রী। ১৭ মাস আগে তাঁদের বিয়ে হয়। প্রীতির বাবার বাড়ি পশ্চিম পটিয়ার শাহমিরপুর গ্রামে। মিন্টু ডাচ-বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা। প্রীতি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে বিএসসি করছিলেন। চার ছেলের পর জন্মানো প্রীতিকে হারিয়ে মা-বাবা এখন শোকের সাগরে ভাসছেন।
চট্টগ্রাম রেলওয়ে থানার উপপরিদর্শক ওমর ফারুক বলেন, ‘রাতের অন্ধকারে কে বা কারা পাথর ছুড়েছিল। দুষ্কৃতকারীদের হামলায় প্রীতি মারাত্মক আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।’
জানা গেছে, প্রীতি দাশ তাঁর স্বামী মিন্টু দাশ, বন্ধু বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন এবং অপর বন্ধু মো. জাহিদুল আলমসহ ঢাকায় যাচ্ছিলেন। তাঁরা ট্রেনটির ‘ড’ বগিতে বসেছিলেন। প্রীতি ছিলেন জানালার পাশে।
প্রত্যক্ষদর্শী জাহিদুল জানান, ট্রেনটি কিছুটা ধীরগতিতে চলছিল। সেটি ১১টা ২০ মিনিটে ভাটিয়ারির ভাঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছানোর পর বাইরে থেকে জানালা বরাবর পাথর নিক্ষেপ করা হয়। একটি পাথর এসে ঘুমন্ত প্রীতির মাথার বাম পাশে লাগে। মুহূর্তেই শব্দ করে অজ্ঞান হয়ে পড়েন তিনি। প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক প্রীতিকে মৃত ঘোষণা করেন। বাবার বাড়িতে প্রীতির শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
পুলিশ জানিয়েছে, পরিবারের তরফ থেকে এ ঘটনায় মামলা না করার সিদ্ধান্ত হয়। তাঁদের অনুরোধেই ময়নাতদন্ত ছাড়াই প্রীতির মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।