ট্রেনে ঝাঁপ দিলেন মা, বাঁচাতে গিয়ে মেয়েরও মৃত্যু
সাত বছরের নাঈম। হাসপাতালের মেঝেতে শুয়ে কাতরাচ্ছে। আবার কখনো আঁতকে উঠছে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে মা মা করে হাত বাড়িয়ে ডাকছে। পরক্ষণেই আবার ঘুমিয়ে পড়ছে। গত রোববার সন্ধ্যায় তার মা ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন। মাকে বাঁচাতে গিয়ে বোন জেসমিনও মারা যায়। মারাত্মক আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় নাঈমকে।গতকাল সোমবার দুপুরে হাসপাতালে নাঈমের চাচাতো বোন নাজমা খাতুন প্রথম আলোকে বলেন, গত রোববার সন্ধ্যার কিছু আগে তাঁর চাচি কমেলা খাতুন তৃতীয় শ্রেণীপড়ুয়া ১০ বছরের মেয়ে জেসমিন ও নাঈমকে নিয়ে চিকির্যাসকের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু তিনি বাড়ির পাশের হালসা রেললাইনের সামনে গিয়ে দাঁড়ান। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে গোয়ালন্দ থেকে ছেড়ে আসা খুলনাগামী মেইল ট্রেন সেখানে পৌঁছালে কমেলা খাতুন ট্রেনের সামনে ঝাঁপ দেন। এ সময় জেসমিন ও নাঈম মাকে বাঁচাতে চেষ্টা করে। ট্রেনের ধাক্কায় জেসমিন ও নাঈম মারাত্মক আহত হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে জেসমিন মারা যায়।নাঈমের চাচা আবদুর রাজ্জাক বলেন, দুই মাস থেকে স্বামী সাত্তারের সঙ্গে কমেলার পারিবারিক কলহ দেখা দেয়। কমেলা এ কারণে প্রায় ২০ দিন তাঁর বাবার বাড়িতে থেকে কিছুদিন হলো বাড়ি ফেরেন। এরপর আবারও ঝগড়া শুরু হয়। কমেলা প্রচণ্ড জেদি ছিলেন বলে জানান তিনি। হালসা পুলিশ ক্যাম্পের এসআই শহিদুল ইসলাম বলেন, কমেলার স্বামী আবদুস সাত্তার পেশায় দিনমজুর। পারিবারিক কলহের জের ধরে কমেলা খাতুন আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।