ট্রেনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ, পাঁচজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের ছাদে চড়ে ও অসতর্কভাবে ভ্রমণের সময় দুর্ঘটনার কবলে পড়ে আজ বুধবার ঢাকা, নওগাঁ ও নাটোরে পাঁচ ট্রেনযাত্রী নিহত হয়েছেন।

গেন্ডারিয়া স্টেশনের ছাউনির সঙ্গে ধাক্কা লেগে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনের ছাদ থেকে পড়ে তিনজন নিহত হয়েছেন। একইভাবে নওগাঁর রানীনগর রেলস্টেশনের পদচারী সেতুর (ফুটওভারব্রিজ) সঙ্গে ধাক্কা খেয়ে নিহত হয়েছেন এক যাত্রী।

ওই যাত্রী ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া নীল সাগর এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন। আর ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেন একতার এক যাত্রী নাটোরের মাধনগরে স্টেশনের সংকেত খুঁটির সঙ্গে মাথায় ধাক্কা খেয়ে নিহত হয়েছেন। তিনি জানালা দিয়ে মাথা বের করে ছিলেন।

রেল পুলিশ জানিয়েছে, ঈদের ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপে ছাদে ভ্রমণের কারণে এসব দুর্ঘটনা ঘটেছে। আর নাটোরের দুর্ঘটনাটি ঘটেছে ওই যাত্রীর অসতর্কতার কারণে।

ঢাকা রেলওয়ে পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজধানীর গেন্ডারিয়ায় পৌঁছালে ট্রেন থেকে পড়ে তিনজন নিহত হন। তাঁরা হলেন জাকির হোসেন (৩০), নজরুল ইসলাম (৩২) ও নুরু মিয়া (৪০)।

রেল পুলিশ আরও জানায়, এমনিতেই নারায়ণগঞ্জের ট্রেনে ভিড় বেশি। এর ওপর নারায়ণগঞ্জের বিভিন্ন কারখানার শ্রমিকেরা গ্রামের বাড়ি যেতে শুরু করায় ট্রেনে ভিড় ছিল প্রচণ্ড। এ সময় কিছু যাত্রী ছদেও উঠেছিলেন। সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটি গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনে পৌঁছালে অন্তত চারজন যাত্রী ছাদ থেকে নিচে পড়ে যায়। তাদের মধ্যে জাকির হোসেন নামের একজনের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যরাও আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় নুরু মিয়া ও নজরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা তাদের মৃত ঘোষণা করেন।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর ট্রেনের ছাদে ভ্রমণকারী অজ্ঞাতপরিচয় এক যাত্রী নওগাঁর রানীনগর রেল স্টেশনের ওভারব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনের ছাদেই মারা  যান। পরে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত ওই ব্যক্তি ঢাকার বিমান বন্দর স্টেশন থেকে ট্রেনের ছাদে উঠেন। দুপুর আড়াইটার দিকে ট্রেনটি রাণীনগর স্টেশন অতিক্রম করার সময় ওই ব্যক্তি দাঁড়ানোর চেষ্টা করলে ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তাঁর মাথা রানীনগর প্লাটফর্মে ছিটকে পড়ে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি সে ঈদ উপলক্ষে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন বলে মনে হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নাটোর প্রতিনিধি জানান, ঢাকা থেকে একতা ট্রেনে বাড়ি ফেরার পথে আজ সকালে নাটোরের মাধবনগর রেলস্টেশনের সিগন্যাল খুঁটির সাথে বাড়ি খেয়ে সিরাজুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একতা আন্তনগর ট্রেনটি মাধবনগর স্টেশন অতিক্রম করার সময় ওই ব্যক্তি জানালা দিয়ে তাঁর মাথা বের করলে সিগন্যাল খুঁটির সাথে তার মাথার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত সিরাজুল বগুড়ার সোনাতলা উপজেলার সোনাতলা গ্রামের সৈয়দ আলীর ছেলে। ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন তিনি।