ট্রেনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ পাঁচজনের মৃত্যু
ট্রেনের ছাদে ও অসতর্কভাবে ভ্রমণের সময় গতকাল বুধবার ঢাকা, নওগাঁ ও নাটোরে পাঁচ ট্রেনযাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে গেন্ডারিয়া স্টেশনের ছাউনির সঙ্গে ধাক্কা লেগে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনের ছাদ থেকে পড়ে তিনজন মারা যান।
একইভাবে নওগাঁর রানীনগর রেলস্টেশনের পায়ে চলা সেতুর (ফুট ওভারব্রিজ) সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে একজন যাত্রী নিহত হন। ওই যাত্রী ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া নীল সাগর এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন। আবার ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেন একতার একজন যাত্রী নাটোরের মাধনগরে স্টেশনের সংকেত খুঁটির সঙ্গে মাথায় ধাক্কা খেয়ে মারা যান। তিনি জানালা দিয়ে মাথা বের করে ছিলেন।
ঢাকা রেলওয়ে পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি সকাল সোয়া ১০টায় রাজধানীর গেন্ডারিয়ায় পৌঁছালে ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ব্যক্তিরা হলেন জাকির হোসেন (৩০), নজরুল ইসলাম (৩২) ও নুরু মিয়া (৪০)।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর ট্রেনের ছাদে ভ্রমণকারী একজন যাত্রী নওগাঁর রানীনগর রেলস্টেশনের ওভারব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনের ছাদেই মারা গেছেন। পরে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি ঈদ উপলক্ষে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন বলে মনে হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, মৃত ওই ব্যক্তি ঢাকার বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনের ছাদে ওঠেন। বেলা আড়াইটার দিকে ট্রেনটি রানীনগর স্টেশন অতিক্রম করার সময় ওই ব্যক্তি দাঁড়ানোর চেষ্টা করলে ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তাঁর মাথা রানীনগর প্লাটফর্মে ছিটকে পড়ে।
নাটোর প্রতিনিধি জানান, ঢাকা থেকে একতা ট্রেনে বাড়ি ফেরার পথে বুধবার সকালে নাটোরের মাধনগর রেলস্টেশনের সিগন্যাল খুঁটির সঙ্গে বাড়ি খেয়ে সিরাজুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি নিহত হন। একতা আন্তনগর ট্রেনটি মাধনগর স্টেশন অতিক্রম করার সময় ওই ব্যক্তি জানালা দিয়ে তাঁর মাথা বের করলে সিগন্যাল খুঁটির সঙ্গে তাঁর মাথার ধাক্কা লাগে। নিহত সিরাজুল বগুড়ার সোনাতলা উপজেলার সোনাতলা গ্রামের সৈয়দ আলীর ছেলে। ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন তিনি।