ঢাকা-টাঙ্গাইল রেলপথে ট্রেনে যাত্রীসংখ্যা বাড়লেও বাড়েনি আসনসংখ্যা। এই পথে চলাচলকারী আটটি আন্তনগর ট্রেনে ঢাকায় যেতে টাঙ্গাইল স্টেশনে টিকিট বরাদ্দ রয়েছে ৬৫টি। কিন্তু প্রতিদিন যাতায়াত করছেন চার শতাধিক যাত্রী। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।
ট্রেনে আসনসংখ্যা বাড়ানো ও ঢাকা-টাঙ্গাইল রেলপথে কমিউটার ট্রেন সার্ভিস চালুর দাবি জানান স্থানীয় লোকজন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০০৩ সালে উত্তরবঙ্গের সঙ্গে টাঙ্গাইল হয়ে সরাসরি ঢাকার ট্রেন যোগাযোগ শুরু হয়। পরে দক্ষিণবঙ্গের সঙ্গেও চালু হয় ট্রেন যোগাযোগ। বর্তমানে উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে ১১টি ট্রেন টাঙ্গাইল হয়ে ঢাকায় যাচ্ছে। এর মধ্যে আটটি আন্তনগর ট্রেনে টাঙ্গাইল থেকে ঢাকা যেতে ৬৫টি টিকিট বরাদ্দ রয়েছে। এর মধ্যে সুন্দরবন এক্সপ্রেসে পাঁচটি, একতায় আটটি, নীলসাগরে দুটি, সিল্কসিটিতে আটটি, সিরাজগঞ্জ এক্সপ্রেসে ২০টি, দ্রুতযানে ছয়টি, চিত্রায় ছয়টি ও পদ্মা এক্সপ্রেসে ১০টি। কিন্তু প্রতিটি ট্রেনে যাত্রী হচ্ছে কয়েকগুণ বেশি। বাধ্য হয়ে যাত্রীরা আসনবিহীন টিকিট কেটে দাঁড়িয়ে ঢাকায় যাচ্ছেন।
গত সোমবার (২২ জুন) বেলা ১১টার দিকে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকাগামী সিল্কসিটি ট্রেনের জন্য অপেক্ষায় আছেন প্রায় দু শ যাত্রী। স্টেশনমাস্টার মো. জালাল উদ্দিন জানান, এসব যাত্রীর মাত্র দুজন শীতাতপ নিয়ন্ত্রিত কোচে ও ছয়জন শোভন চেয়ারের টিকিট পেয়েছেন। বাকিরা সবাই আসনবিহীন টিকিট নিয়ে দাঁড়িয়ে ঢাকা যাবেন।
রানা আহমেদ নামের এক যাত্রী বলেন, আসন না পেয়ে বাধ্য হয়ে আসনবিহীন টিকিটে তিনি ঢাকা যাচ্ছেন। আরও কয়েকজন যাত্রী জানান, সড়কপথে যানজট লেগেই থাকে। এ কারণে ঢাকা যেতে চার-পাঁচ ঘণ্টা সময় লাগে। তাই ট্রেনের প্রতি যাত্রীদের আগ্রহ বাড়ছে। কারণ আসন না পেলেও ট্রেনে দাঁড়িয়ে আড়াই ঘণ্টায় ঢাকা পৌঁছানো যায়।
সিল্কসিটি ট্রেনটি স্টেশনে আসার পর দেখা যায়, আসনবিহীন যাত্রীরা সুবিধামতো বগিতে উঠছেন। তাঁরা অন্য যাত্রীর আসনের পাশে অবস্থান নিচ্ছেন। এতে তাঁদের কষ্ট হচ্ছে, অন্যদিকে যাঁদের আসনের পাশে দাঁড়াচ্ছেন তাঁদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
টাঙ্গাইলের সরকারি এমএম আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা বলেন, নিরাপদ ও কম সময়ে যাতায়াতের সুবিধার্থে প্রতিটি ট্রেনেই আসনসংখ্যা বাড়ানোর পাশাপাশি ঢাকা-টাঙ্গাইল রেলপথে কমিউটার ট্রেন সার্ভিস চালু করা প্রয়োজন।
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সাদেকুল ইসলাম জানান, অনেক জেলার সঙ্গে ঢাকার কমিউটার ট্রেন সার্ভিস আছে। ঢাকা-টাঙ্গাইল রেলপথে এ ধরনের সার্ভিস চালু হলে টাঙ্গাইল থেকে অনেক মানুষ ঢাকায় নিয়মিত অফিস করতে পারবেন। ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা জানান, টিকিট বরাদ্দ কম থাকায় টাঙ্গাইলবাসীরা ট্রেনের সুবিধা ভোগ করতে পারছেন না। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন মুহাম্মদ উমর ফারুক জানান, ২০১১ সালে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ঢাকাগামী ট্রেনে একটি বগি বরাদ্দের দাবি জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী দাবি পূরণের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু তা আজও পূরণ হয়নি।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ ছানোয়ার হোসেন বলেন, ‘কমিউটার ট্রেন সার্ভিস চালুর ব্যাপারে সংসদে দাবি জানিয়েছি। এ ছাড়া প্রতিনিয়ত রেলওয়ে মন্ত্রণালয়ে তাগাদা দিচ্ছি। এই সার্ভিস চালুর ব্যাপারে আশ্বাস পাওয়া গেছে।’
রেলওয়ের পশ্চিমাঞ্চলের উপপ্রধান বাণিজ্যিক কর্মকর্তা এম এ জিন্নাহ বলেন, ঢাকা-টাঙ্গাইল রেলপথে ট্রেনে আসনসংখ্যা বাড়ানোর পরিকল্পনা আছে। তবে এ মুহূর্তে বাড়ানো সম্ভব হচ্ছে না।