ট্রেনে ডাকাতির প্রমাণ মিলেছে, গ্রেপ্তার ৪
ময়মনসিংহ-জামালপুর রেলপথে গত বুধবার রাতে দুটি ট্রেনে ডাকাতির ঘটনার প্রমাণ পেয়েছে জামালপুর রেলওয়ে থানার পুলিশ (জিআরপি)। পুলিশ এসব ডাকাতির ঘটনায় চার তরুণকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার করা ওই চারজনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে জিআরপি পুলিশ। এদিকে ডাকাতির ঘটনায় রেলওয়ে পুলিশের উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। ঢাকা থেকে জামালপুরগামী এবং জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার ও আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে এ ডাকাতির ঘটনা ঘটে।জামালপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, ডাকাতির ঘটনা তদন্তে রেলওয়ে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক মো. সোহরাব হোসেন গত বৃহস্পতিবার রাতে জামালপুর রেলওয়ে থানা পরিদর্শন করেছেন। এ সময় পুলিশ সুপার মো. আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। রেলওয়ের চট্টগ্রামের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান গতকাল দুপুরে ঘটনা তদন্তে জামালপুরে যান। তিনি রেলওয়ে থানা এবং যেসব স্থানে লাশ পাওয়া গেছে, সেসব স্থান পরিদর্শন এবং তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানার কনস্টেবল এ বি সিদ্দিক ও দুরুল হুদা এবং আনসার সদস্য এমদাদুল হক ও সুরুজ আলীকে প্রত্যাহার করে চট্টগ্রামে রেলওয়ে পুলিশের প্রধান কার্যালয়ে সরিয়ে নেওয়া হয়েছে।গ্রেপ্তার হওয়া তরুণেরা হলো: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সরদারপাড়ার হাসু মিয়া (১৮), কলকিহারা গ্রামের আফছার আলী (১৮) এবং ইসলামপুর উপজেলার পোড়ারচর গ্রামের সবুজ মিয়া (১৭) ও জহুরুল মিয়া (১৬)। তাদের প্রথম দুজনকে ডাকাতির হামলায় চিকি ৎ সাধীন রবিজল (২৫) শনাক্ত করেছেন। জামালপুর রেলওয়ে থানায় গত বৃহস্পতিবার রেজাউলের বাবা নবাব আলী ডাকাতি ও খুনের একটি মামলা করেন। এ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে বৃহস্পতিবার রাতে বিদ্যাগঞ্জ রেলস্টেশনের কাছ থেকে উদ্ধার করা ট্রেনে কাটা পড়া অজ্ঞাতনামা লাশের বিষয়ে ময়মনসিংহ জিআরপি একটি অপমৃত্যু মামলা করেছে। গত বৃহস্পতিবার যে চারজনের লাশ ময়মনসিংহ ও জামালপুর জিআরপি উদ্ধার করেছে, তাঁদের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই ছাত্রসহ তিনজনকে ট্রেনের ছাদ থেকে ডাকাতেরা ছুড়ে ফেলে এবং অপর একজন ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে।নিহত চারজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত প্রীতম বিশ্বাস শৌভিকের বাড়ি ময়মনসিংহ শহরের শেওড়াপাড়া এলাকায়। তিনি ঢাকায় টেক্সটাইল ডিপ্লোমা কোর্সে পড়াশোনা করতেন। তাঁর বন্ধু রেজাউল করিমের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালীহর এলাকায়। তিনি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়াশোনা করতেন।