ট্রেনে ঢিল ছুড়ে আর কোনো প্রীতিকে হারাতে চাই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা আর কখনো ট্রেনে ঢিল ছুড়ব না, আর কোনো প্রীতিকে হারাতে চাই না’ শীর্ষক স্লোগানের ভিত্তিতে গতকাল বুধবার সকালে চট্টগ্রামের পটিয়া বন্ধুসভার উদ্যোগে পটিয়া রেলস্টেশন থেকে সচেতনতামূলক এক শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।ট্রেনে ঢিল ছোড়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রথম আলো পটিয়া বন্ধুসভার সভাপতি জুয়েল চৌধুরীর সভাপতিত্বে ও পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাকের পরিচালনায় সভায় পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ বলেন, প্রথম আলো বন্ধুসভা একটি জনগুরুত্বপূর্ণ কাজ করছে। এটি সত্যিই খুব প্রশংসনীয়। তিনি বলেন, ‘প্রয়োজনে পটিয়া এলাকায় রেললাইনের দুই ধারে সচেতনতামূলক আরও নানামুখী কর্মকাণ্ড গ্রহণ করে মানুষকে সচেতন করার উদ্যোগ নিলে আমি আপনাদের পাশে থাকব। পটিয়া থেকে জাতীয় পর্যায়ে প্রথম আলোর মাধ্যমে এই ব্যাপারে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে চাই।’ পটিয়া সচেতন নাগরিক কমিটির সভাপতি কবিশেখর নাথ বলেন, ‘এ ধরনের অপরাধের ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় বারবার এ ঘটনা ঘটছে। তিনি বলেন, প্রথম আলো বন্ধুসভার মাধ্যমে জনগণকে সচেতন করার যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তার পাশে আমরাও থাকতে চাই।’পটিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশীষ চৌধুরী বলেন, রেললাইনের পাশে মাদকসেবীদের ভয়াবহতা বন্ধ করার জন্য প্রশাসনের কোনো উদ্যোগ নেই। তাই বারবার ট্রেনে এ ঘটনা ঘটছে বলে তিনি মন্তব্য করেন।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পটিয়া টিআইবির এরিয়া ম্যানেজার ইমরুল কায়েস, প্রীতির গ্রামের বাড়ি বড় উঠানের চেয়ারম্যান দিদারুল আলম, স্থানীয় ব্যবসায়ী ও ফাইভ স্টার ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, রাজনীতিবিদ আবদুর রহমান, এস এ সঞ্চৃতি সংসদের সভাপতি জাহাঙ্গীর আলম, পটিয়া বন্ধুসভার সাধারণ সম্পাদক মোহামঞ্চদ ইব্রাহিম প্রমুখ। সবশেষে পটিয়া রেলস্টেশন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়।