ট্রেনে ঢিল না ছোড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন, আখাউড়ার আজমপুর, কসবা রেলওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকায় ট্রেনে ঢিল না ছোড়ার আহ্বান জানিয়ে প্রচার চালানো হয়েছে।

ফেসবুকে বাংলাদেশ রেলওয়ের ফ্যান পেজের একটি গ্রুপের আট সদস্য গতকাল শুক্রবার দুপুরে আখাউড়ায় ওই প্রচার চালান। এ গ্রুপের অ্যাডমিন শোভন হোসেন। এ ছাড়া আশরাফ রুমেল, আবুল ফজল, শামসুল ইসলাম, শহীদ কায়সার প্রমুখ প্রচারে ছিলেন। তাঁরা ছাত্র, ব্যবসায়ী ও চাকরিজীবী।

শোভন হোসেন প্রথম আলোকে বলেন, ফেসবুক পেজ থেকে যাঁরা প্রচারণায় অংশ নিতে ইচ্ছুক, তাঁদের যোগাযোগ করতে বলা হয়। নির্ধারিত সময়ে শুক্রবার আখাউড়ায় এসে তাঁরা রেললাইনের পাশে বসবাসকারীদের সঙ্গে কথা বলেন এবং প্রচারপত্র বিতরণ করেন। রেলওয়ে পুলিশের ডিআইজি এম রুহুল আমিন বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে লাকসাম পর্যন্ত রেলপথ ঢিল ছোড়ার জন্য ঝুঁকিপূর্ণ।