ট্রেনে তল্লাশির ঘটনা নিয়ে তুলকালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে গত শুক্রবার বিডিআরের চোরাচালানবিরোধী তল্লাশির নামে যাত্রী হয়রানির প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক ও পরে ছেড়ে দেওয়া হয়। বিডিআরের দাবি, চোরাচালানিদের পক্ষ নিয়ে বিডিআরের কাজে বাধা ও তাদের সঙ্গে দুর্ব্যবহার করায় ওই ছাত্রকে আটক করা হয়েছিল।ট্রেনের যাত্রী ও রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বেলা সোয়া ১২টায় ফুলবাড়ী স্টেশনে থামলে ফুলবাড়ী-৪০ রাইফেল ব্যাটালিয়নের একদল জওয়ান চোরাচালান পণ্যের খোঁজে দীর্ঘক্ষণ ট্রেনে তল্লাশি চালান। এ সময় ‘জ’ বগির যাত্রী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র উন্মেষ রায় বিরক্তি প্রকাশ করে প্রতিবাদ করলে তাঁকে ট্রেন থেকে নামিয়ে ফুলবাড়ী বিডিআর ক্যাম্পে নেওয়া হয়।উন্মেষের অভিযোগ, বিডিআরের জওয়ানেরা তাঁর ওপর নির্যাতন চালান ও মোবাইল ফোনসেট কেড়ে নেন। তাঁরা ক্যাম্পে নেওয়ার পর তাঁকে ফেনসিডিলের মামলায় জড়ানোর ও দাঁত ফেলে দেওয়ার হুমকি দেন। প্রায় তিন ঘণ্টা পর পুলিশের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুর রশিদ ও হাবিব জানান, ট্রেনটি ফুলবাড়ী স্টেশন ত্যাগ করার পর তাঁরা জানতে পারেন বিডিআরের সদস্যরা উন্মেষকে ক্যাম্পে নিয়ে গিয়ে নির্যাতন চালাচ্ছেন। এরপর ট্রেনে থাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্র হুইস পাইপ খুলে ট্রেনটিকে ফুলবাড়ী থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে পার্বতীপুর স্টেশনের আউটার সিগন্যালে থামাতে সক্ষম হন। তাঁরা উন্মেষকে মুক্তি না দেওয়া পর্যন্ত ট্রেনটি অবরোধের ঘোষণা দেন।খবর পেয়ে পার্বতীপুর জিআরপি ও মডেল থানার পুলিশের দুটি দল ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের বুঝিয়ে ট্রেনটিকে পার্বতীপুর স্টেশনে নিয়ে আসে। পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, তিনি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও ফুলবাড়ীর স্টেশনমাস্টারকে উন্মেষকে ছাড়িয়ে আনতে বিডিআর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান।ফুলবাড়ী-৪০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মো. আমিরুল শিকদার জানান, চোরাচালানিদের পক্ষ নিয়ে বিডিআরের কাজে বাধাদান ও তাদের সঙ্গে দুর্ব্যবহার করায় উন্মেষকে আটক করা হয়। তাঁকে কোনো মারধর বা নির্যাতন করা হয়নি। পার্বতীপুরের স্টেশনমাস্টার আবদুল করিম জানান, পুলিশের সহায়তায় উন্মেষকে তাঁর সহযাত্রী ছাত্র-শিক্ষকের হাতে তুলে দিয়ে বেলা তিনটা ৫০ মিনিটে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।