ট্রেনে দুর্ঘটনা আর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেন আসছে, তবু নির্বিকারভাবে রাস্তা পার হচ্ছে ব্যক্তিটি। আবার ট্রেনের ছাদে ওঠা আইনত নিষিদ্ধ হলেও তা মানেন না কেউ কেউ। এভাবেই ঘটে দুর্ঘটনা। ঢাকার মহাখালী রেল ক্রসিং থেকে ছবিটি তুলেছেন সাবিনা ইয়াসমিন।
ট্রেন আসছে, তবু নির্বিকারভাবে রাস্তা পার হচ্ছে ব্যক্তিটি। আবার ট্রেনের ছাদে ওঠা আইনত নিষিদ্ধ হলেও তা মানেন না কেউ কেউ। এভাবেই ঘটে দুর্ঘটনা। ঢাকার মহাখালী রেল ক্রসিং থেকে ছবিটি তুলেছেন সাবিনা ইয়াসমিন।

অনেকেই জানেন বাংলাদেশের প্রথম নারী সহকারী ট্রেনচালক সালমা খাতুনের কথা। কয়েক বছরে পেশাগত জীবনে তাঁর উন্নতিও হয়েছে। তিনি এএলএম (অ্যাসিস্ট্যান্ট লোকোমাস্টার) গ্রেড-২ পদ থেকে এএলএম গ্রেড-১-এ পদোন্নতি পেয়েছেন। পড়াশোনাতেও এগিয়ে গেছেন। ঢাকা টিঅ্যান্ডটি কলেজ থেকে বিএ পাস করেছেন। আরও ভালো সংবাদ হলো, তাঁর হাঁটা পথে হেঁটে আরও ১০ জন নারী সহকারী ট্রেনচালক হিসেবে কাজ করছেন। নিজের কথা নয়, আজ অধুনায় সালমা খাতুন তাঁর পেশাগত অভিজ্ঞতা থেকে লিখেছেন ট্রেনে মানুষ কেন দুর্ঘটনায় পড়েন ও এটি প্রতিরোধের উপায় কী?
প্রতিদিন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ট্রেন ছুটে যায়। বেশির ভাগ সময়ই একটু অসাবধানতা থেকে ঘটে বড় দুর্ঘটনাগুলো। রেলক্রসিংয়ে গেট নামিয়ে দেওয়ার পরও রাস্তায় রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরবাইক, সাইকেল নিয়ে অনেকে পার হওয়ার চেষ্টা করেন। এমনকি হেঁটেও পার হন কেউ কেউ। এই বিষয়টি একদমই করা উচিত না। আরেকটি বিষয়ও গুরুত্বপূর্ণ—রাস্তায় যানজট থাকলে বেশির ভাগ সময় রেললাইনের ওপরও গাড়ি দাঁড়িয়ে থাকে। ট্রেন রেলক্রসিংয়ে চলে আসার সময় হলেও রাস্তায় গাড়িগুলোর ওপর দিয়ে গেট নামানো যায় না। ফলাফল ট্রেন ও গাড়ির মধ্যে সংঘর্ষ। রেললাইনটিকে বাদ দিয়ে তার আগে বা পরে যানবাহন রাখলে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

বাংলাদেশের প্রথম নারী সহকারী ট্রেনচালক সালমা খাতুন
বাংলাদেশের প্রথম নারী সহকারী ট্রেনচালক সালমা খাতুন



ট্রেনের ছাদে বা দরজার সামনে বসেও অনেকে যাতায়াত করেন। এটি আইনত নিষিদ্ধ। নিরাপত্তাকর্মীরা সব সময় বিষয়টির দিকে খেয়াল রাখার চেষ্টা করেন। কিন্তু তার পরও মানুষ ট্রেনের ছাদে উঠে যান, কখনো ভিড়ের কারণে কখনো বা অন্য কারণে। সেখান থেকে নিচে পড়ে গিয়ে আহত হওয়ার মতো ঘটনা ঘটেছে। তাই এ কাজটা একেবারেই করা উচিত নয়।

রেললাইনের পাশ ঘেঁষে অনেকে চলাচল করেন। ট্রেন আসতে দেখলেও সরে দাঁড়ান না। অনেক সময় ভারসাম্য হারিয়ে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা খান। আবার চলন্ত ট্রেনের দিকে অনেকে ঢিল ছোড়েন, এটিও ঠিক নয়। নিজের ও প্রিয় মানুষটির কথা চিন্তা করেই আমাদের সচেতন হওয়া উচিত এ ব্যাপারে।