ট্রেনে নাশকতা করতে মাদকাসক্ত ব্যক্তিকে টাকা দেন নেতা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়নের চলাফেরা ও ভাব-বন্ধুত্ব স্থানীয় কিছু যুবদল নেতা-কর্মীর সঙ্গে। তাঁর বিচরণ কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায়। মাদক সেবন করেন। তাঁর এলোমেলো চলাফেরার সুযোগ নেন অবরোধকারীরা। লাইনের ফিশপ্লেট বিচ্ছিন্ন করে ট্রেনে নাশকতা সৃষ্টির দায়িত্ব দেওয়া হয় তাঁকে। কাজটি করার জন্য কিছুদিন আগে নয়ন স্থানীয় নেতাদের কাছ থেকে পান পাঁচ হাজার টাকা।
এরপর নয়ন সঙ্গে নেন তাঁর এক মাদকাসক্ত বন্ধুকে। কিন্তু নাশকতা সৃষ্টির আগেই পুলিশের হাতে ধরা পড়ে যান তিনি। গতকাল সোমবার সকালে ভৈরব থানায় পুলিশ হেফাজতে নয়নের কাছ থেকে পাওয়া যায় এসব তথ্য।
পুলিশ জানায়, নয়নের (৩৮) বাড়ি ভৈরব পৌর শহরের আমলাপাড়া মহল্লায়। অনেকে তাঁকে যুবদল কর্মী হিসেবে জানেন। তাঁর দায়িত্ব ছিল ভৈরব রেলওয়ে এলাকায় নাশকতা করা। কাজটির সহযোগী হতে পাঁচ হাজার টাকা থেকে তাঁর এক মাদকাসক্ত বন্ধুকে দেন ৫০০ টাকা। টাকা পেয়ে তাঁর বন্ধু সহযোগী হচ্ছিলেন না। এই কারণে নয়ন একা কাজটি করতে পারছিলেন না।
গোয়েন্দা অনুসন্ধানে নিশ্চিত হওয়ার পর নয়নকে আমলাপাড়ার বাড়ি থেকে গতকাল ভোরে গ্রেপ্তার করা হয়। নাশকতার জন্য পাঁচ হাজার টাকা গ্রহণের কথা অকপটে স্বীকার করেন নয়ন।
ফিশপ্লেট খুলে ফেললে অনেক সাধারণ যাত্রীর প্রাণহানির কথা ভেবে মত পরিবর্তন হয় বলে তিনি জানান। এই কাজে টাকা গ্রহণ করা ঠিক হয়নি বলে অনুশোচনা করেন নয়ন। কার নির্দেশে কাজটি করতে রাজি হয়েছিলেন এবং কার কাছ থেকে টাকা পেয়েছেন, সেই তথ্য পুলিশকে জানিয়েছেন নয়ন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ বলেন, ‘দুই সপ্তাহের ব্যবধানে ভৈরবের পাশে কুলিয়ারচর ও বাজিতপুরে তিনবার ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা করা হয়। এই ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় তিনটি মামলাও হয়েছে। নয়নকে আমরা রেলওয়ে থানা পুলিশের হাতে তুলে দেব। আজ মঙ্গলবার নয়নের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হবে।’
কার হাত থেকে টাকা নিয়েছেন—এমন প্রশ্নে নয়ন জানান, ভৈরব পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকার তাঁর হাতে পাঁচ হাজার টাকা তুলে দিয়ে রেললাইনের ফিশপ্লেট তুলে ফেলার কথা বলেন। পরে কাজটি করার জন্য বিএনপির ওই নেতা বারবার তাঁকে তাগাদা দেন। এই নিয়ে তাঁর সঙ্গে একাধিকবার কথা-কাটাকাটি হয়।
নজরুল ইসলাম সরকার বলেন, ‘নয়নকে দেখলে হয়তো চিনব। তবে ফিশপ্লেট খুলে ফেলার ব্যাপারে তাঁকে টাকা দেওয়ার যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। অবরোধ ইস্যু নিয়ে তাঁর সঙ্গে আমার কোনো কথাই হয়নি।’