ট্রেনে পানি-বিদ্যুৎ নেই যাত্রীদের দুর্ভোগ
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৪ নম্বর কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের বগি নম্বর ৯০০-এর একটি কক্ষ ট্রেনের পরিচালক আবদুর রহিমের। তিনি বোতলে করে পানি নিয়ে ট্রেনে উঠেছেন। এ পানি শেষ হলে পরবর্তী স্টেশন থেকে নিয়ে নেন। কোনো যাত্রী শৌচাগারের পানি নিয়ে ট্রেনে ওঠেন না। তাই ভোগান্তির শেষ নেই তাঁদের। চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে একজন নারী যাত্রীর সঙ্গে তাঁর দুই সন্তান পাঁচ বছর ও দুই বছরের। শিশুকে টয়লেটে নিয়ে তিনি আঁতকে ওঠেন। পানি না থাকায় তিনি বিপদে পড়েন। তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, এগুলো দেখার কি কেউ নেই। এভাবে এত দূরের পথ ভ্রমণ করা যায়? একই ধরণের কথা বলেন, কুমিল্লার শিক্ষক মনির হোসেন ও রুহুল আমীন। ১৪ ডিসেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন ভ্রমণ করে দেখা গেছে, পরিচালকের বগির মতো ১৯৮০, ১৭৮৮ ও অন্যান্য বগির কোনোটিতেই শৌচাগারে পানি নেই। কোনো কোনো বগিতে রাতে আলো জ্বললেও অধিকাংশ থাকে অন্ধকারে। সম্প্রতি কুমিল্লা থেকে কসবা পর্যন্ত লোকাল ও মেইল ট্রেন ভ্রমণ করে এমন চিত্র দেখা গেছে। একই অবস্থা পূর্বাঞ্চল রেলওয়ে চলাচলকারী প্রতিটি মেইল ও লোকাল ট্রেনের। রেলওয়ে সূত্র জানায়, রেলওয়ে পূর্বাঞ্চল শাখায় প্রতিদিন সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ভৈরব-চাঁদপুর পথে লোকাল, নোয়াখালী-আখাউড়া পথে সমতট এক্সপ্রেস, সিলেট-চট্টগ্রাম পথে জালালাবাদ এক্সপ্রেস, জগন্নাথগঞ্জ ঘাট থেকে চট্টগ্রাম পথে নাছিরাবাদ এক্সপ্রেস, ঢাক-চট্টগ্রাম পথে কর্ণফুলী ও ঢাকা মেইল প্রতিদিন ১২ বার চলাচল করে। প্রতিটি ট্রেন ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর মর্যাদাসম্পন্ন। কর্ণফুলী এক্সপ্রেসের পরিচালক মো. আবদুর রহিম বলেন, ‘সব বগি জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। আমার বগিতেই পানি নাই, বোতল নিয়ে ট্রেনে উঠতে হয়েছে। যাত্রীদের দুর্ভোগ লাগব করব কেমন করে, আমরাই দুর্ভোগে আছি।’ রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) এ টি এম মাহবুব উল আলম বলেন, যে বগিগুলোতে আলো ও পানির সমস্যা রয়েছে, সেগুলো অনেক পুরোনো। বগিগুলোর সমস্যা দূর করার জন্য নতুনভাবে চেষ্টা করা হচ্ছে। ট্রেনের অন্যান্য সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।