
>সড়ক, নৌ ও রেলপথে ঈদযাত্রীর চাপ বাড়বে আগামীকাল থেকে। নৌপথে লঞ্চে ঈদযাত্রা শুরু আজ।
ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনে গতকাল সোমবার কমলাপুর রেলস্টেশনে ভিড় কম ছিল। চারটি ট্রেন বাদে বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়েছে। সড়কপথেও যাত্রীদের বাড়ি ফেরা শুরু হয়েছে। নৌপথে আজ মঙ্গলবার সদরঘাট থেকে শুরু হবে ঈদযাত্রা।
গতকাল ভোরে কমলাপুর রেলস্টেশনে ঘরমুখী মানুষের কিছুটা ভিড় ছিল। তবে বেলা বাড়তেই তা কমে আসে। সড়কের যানজটের ঝক্কি এড়াতে অনেকে বিকল্প হিসেবে ট্রেনে যাচ্ছেন।
বিশ্বকাপ ফুটবল খেলা আর ঈদের সময় মিলে যাওয়ায় গতকাল কমলাপুর স্টেশনে অনেককে দেখা যায় প্রিয় দলের জার্সি পরে বাড়ির পথে রওনা দিতে। স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে কথা হয় দুই বন্ধুর সঙ্গে। তাঁরা বগুড়ায় গ্রামের বাড়ি যাচ্ছেন। তাঁদের একজন আলিফুর রহমানের গায়ে আর্জেন্টিনার জার্সি। তিনি বলেন, ‘কোচিং শেষে ঢাকায় থেকে কী করব। বাড়িতে গিয়ে ফুটবল খেলা দেখব। মাঠে গিয়ে খেলব আর হইহুল্লোড় করব। এ জন্য আগেভাগেই ঢাকা ছাড়ছি।’
ঢাকার আদাবরের বায়তুল আমান মাদ্রাসার ছয় শিক্ষার্থী ভোর থেকে অপেক্ষা করছে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। ময়মনসিংহগামী অগ্নিবীণা ছাড়ার তিন ঘণ্টা আগেই তারা স্টেশনে হাজির।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, গতকাল দেশের বিভিন্ন পথে ঈদযাত্রী নিয়ে ৬৬টি ট্রেন ছেড়ে যায়। এর মধ্যে চারটি ট্রেন দেরি করে ছাড়ে। সকালের সুন্দরবন এক্সপ্রেস ৩০ মিনিট দেরি করে ছেড়েছে। ইঞ্জিনে ত্রুটির কারণে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর এক্সপ্রেস ৩৫ মিনিট এবং দেরিতে আসায় তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস নির্ধারিত সময়ের ৪০ মিনিট পরে স্টেশন ছেড়েছে। চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস স্টেশন ছাড়তে ৪০ মিনিট দেরি করে।
যাত্রার আগে টিকিট কেনার অব্যবস্থাপনার অভিযোগ করলেন দিনাজপুরগামী একতা এক্সপ্রেসের যাত্রী মাসুদ হেলাল। পাঁচ বন্ধুর সঙ্গে তিনি গ্রামের বাড়ি যাচ্ছেন। তিনি বলেন, সবচেয়ে খারাপ লাগে ট্রেনের টিকিট কিনতে। টিকিট পাওয়া যায় না, আবার কালোবাজারে পাওয়া যায়। সরকার চাইলে এই অব্যবস্থাপনা বন্ধ করতে পারে।
কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, স্টেশনে যাত্রীর চাপ বেশি না থাকার কারণ, যাত্রীরা স্টেশনে এসেই ট্রেন পাচ্ছেন, চলে যাচ্ছেন। এভাবে চললে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে। ঈদ উপলক্ষে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে আগামীকাল থেকে।
চারটি ট্রেনের দেরি প্রসঙ্গে সিতাংশু চক্রবর্ত্তী বলেন, ‘এটাকে শিডিউল বিপর্যয় বলা চলে না। এটা অস্বাভাবিক কিছু না। আশা করি খুব বেশি সমস্যা হবে না।’
প্রতিদিনের মতো গতকালও অল্প অল্প করে ঢাকা ছেড়েছে নগরবাসী। গাবতলী ও সায়েদাবাদের পরিবহনের কাউন্টারগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়নি। নগরীর দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, বাসে ৭ জুন থেকে ঈদযাত্রা শুরু হয়েছে।
ঈদের ছুটিতে ঢাকা থেকে খুলনার উদ্দেশে গতকাল বেলা দুইটায় সড়কপথে রওনা দেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সৈয়দা আখতার জাহান। সন্ধ্যা ছয়টার দিকে ফেরিতে করে তিনি দৌলতদিয়া ঘাট পেরিয়ে যান। তিনি প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘কোথাও তীব্র যানজট নেই। শুধু ঢাকার ভেতরে অন্যান্য দিনের মতো যানজট ছিল।’
হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মো. মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, রাস্তায় অতটা যানজট নেই। ১৪ জুন যাত্রীর চাপ ও সড়কে যানজট হতে পারে। প্রশাসন যদি সতর্ক থাকে এবং যদি কয়েক দিন মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ হয় তাহলে যানজটে অতটা ভোগান্তি হবে না।
সদরঘাটের ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে গতকাল যাত্রীর চাপ অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল। আজ মঙ্গলবার বেলা তিনটা থেকে লঞ্চে ঈদযাত্রা শুরু হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক মিজানুর রহমান বলেন, যাত্রীর চাপ বেশি থাকবে ১৪ জুন রাতে। যাত্রীদের চাপের ওপর নির্ভর করে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করার পরিকল্পনা আছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টার্মিনালে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।