ট্রেনে ভাঙচুরের শাস্তি ৫০ টাকা জরিমানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে উপজেলার সান্তাহার রেল জংশনে একটি ট্রেনের খাবারের বগিতে হামলা চালিয়ে ভাঙচুরের পর ছাত্রলীগের নেতা-কর্মীদের মাত্র ৫০ টাকা করে জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত বিনা টিকিটে স্টেশন এলাকায় ঘুরাফেরার অভিযোগে তাঁদের এই জরিমানা করেন।

সান্তাহার জংশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা দুইটার দিকে ছাত্রলীগের ১০-১৫ জন নেতা-কর্মী ঢাকা থেকে আসা আন্তনগর ট্রেন নীলসাগরের খাবারের বগিতে হামলা চালান। এ সময় তাঁরা ওই বগিতে ব্যাপক ভাঙচুর চালান এবং খাবারের দোকানের দুই কর্মচারী দিনাজপুরের বিরামপুর উপজেলার খোরশেদ আলম (৩০) ও রুবেলকে (২০) পিটিয়ে আহত করেন। আহত দুজনকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জিআরপি পুলিশ সাদ্দাম হোসেন, তানভির, মোস্তাকিন ও রুহুলকে আটক করে। এরপর পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জাহিদুল বারী ও আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন তাঁদের ছাড়িয়ে নেওয়ার জন্য গভীর রাত পর্যন্ত তদবির করেন। সাদ্দাম হোসেন আদমদীঘি উপজেলা ছাত্রলীগের স্কুলবিষয়ক সম্পাদক। তানভির সান্তাহার সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক এবং মোস্তাকিন ও রুহুল সান্তাহার পৌর ছাত্রলীগের সদস্য।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের তদবিরে জিআরপি থানার পুলিশ প্রকৃত ঘটনা ধামাচাপা দিয়ে ছাত্রলীগের চার নেতাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যেককে ৫০ টাকা জরিমানা করেন।

ইউএনও রাসেল মনজুর বলেন, পুলিশ রেলওয়ে আইনে তাঁদের অবৈধ যাত্রী হিসেবে আদালতে হাজির করেছে। সে কারণে ওই আইনে তাঁদের প্রত্যেককে ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জিআরপি থানার এক কর্মকর্তা জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাদের চাপে তাঁরা মামলা না নিয়ে ছাত্রলীগের ওই নেতাদের আদালতে হাজির করেছেন।

সান্তাহার জিআরপি থানার উপপরিদর্শক রাজু আহম্মেদ বলেন, ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এ কারণে উল্লিখিত চারজনকে ওই আইনে আদালতে হাজির করা হয়েছে।