ট্রেনে ভাড়া বেড়েছে ৬০-৭০ শতাংশ, মান বাড়েনি সেবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চট্টগ্রামের ভাড়া হওয়ার কথা ৩০০ টাকা, আপনারা ৩৫০ টাকা নিচ্ছেন কেন?’ ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে একটি টিকিট কাউন্টারের সামনে যাত্রীর এ প্রশ্ন টিকিট বিক্রেতাকে। বিক্রেতার জবাব, ‘এ দামে নিলে নেন, নইলে যান।’ আরও কিছুক্ষণ বৃথা তর্ক করে টিকিট কিনলেন মাসুদ হোসেন। কারণ, বাবা অসুস্থ বলে তাঁকে চট্টগ্রাম যেতেই হবে।পাশের কাউন্টারেও দেখা গেল এমন বচসা। ময়মনসিংহগামী যাত্রী রাতুলও ৬০ টাকার ভাড়া ১১০ টাকা হওয়ার কারণ জানতে চাইছিলেন। কাউন্টারের কর্মীর বক্তব্য একই রকম।চলতি মাসের ১ তারিখ থেকে রেলে নতুন বর্ধিত ভাড়া কার্যকর হয়েছে। যাত্রীর পাশাপাশি কনটেইনার ও পার্সেলের ভাড়াও আগের চেয়ে ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। প্রতি কিলোমিটারে যাত্রীর ভাড়া ২৪ পয়সা থেকে বাড়িয়ে ৩৬ পয়সা করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মূল্যসংযোজন কর (মূসক-ভ্যাট)। ফলে কার্যত বেশি দিতে হচ্ছে ৬০ থেকে ৭০ শতাংশ। কিন্তু সেই তুলনায় সেবার মান, যাত্রীর নিরাপত্তা ও সময়সূচিতে কোনো উন্নতি হয়নি। এমন অভিযোগ যাত্রীদের। গত সাত দিন সরেজমিনে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা গেছে, একটি ট্রেনও নির্দিষ্ট সময়ে ছাড়েনি। ৩০-৪০ মিনিট বিলম্ব। ফিরে আসার ক্ষেত্রেও প্রায় একই অবস্থা। অথচ রেল কর্তৃপক্ষের দাবি, ঈদের সময় ছাড়া ট্রেনের সময়সূচিতে তেমন সমস্যা হয় না।বর্ধিত ভাড়া: বর্ধিত ভাড়ার বিষয়ে জানতে চাইলে রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আবু তাহের প্রথম আলোকে বলেন, রেলের যাত্রীভাড়া অন্যান্য বাহনের সঙ্গে সামঞ্জস্য রেখেই বাড়ানো হয়েছে। তবে কোথাও কোথাও ভাড়ার সঙ্গে ভ্যাট সংযোজন হওয়ায় ৫০ শতাংশের কিছু বেশি বেড়েছে।অন্যদিকে রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক হাবিবুর রহমান বলেন, ভাড়া ৫০ শতাংশ বেড়েছে বলাটা ঠিক হবে না। সরকার ৫০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে একটা বেসিক ভাড়া নির্ধারণ করেছে। তবে রেলওয়ের ভাড়া বৃদ্ধির ফর্মুলা অনুযায়ী কোথাও ৩০ শতাংশ বা কোথাও ৬০ থেকে ৭০ শতাংশ ভাড়া বেড়েছে।সেবা নিয়ে অভিযোগ: ভাড়া বাড়লেও সেবার মান বৃদ্ধি না পাওয়ার অভিযোগ জানালেন বেশ কয়েকজন যাত্রী। মান ও নিরাপত্তা নিয়ে তাঁরা কেউই সন্তুষ্ট নন। কমলাপুর স্টেশনে থেমে থাকা কয়েকটি ট্রেনে উঠে দেখা গেছে, দু-চারটি ছাড়া প্রায় সব ট্রেনেই ময়লা-আবর্জনা। অনেক আসন ছিঁড়ে গিয়ে ছোবড়া বেরিয়ে এসেছে। আসনের হাতল ভাঙা, পাখা নষ্ট। জানালার অ্যালুমিনিয়ামের শাটার নষ্ট। কয়েকটি কামরায় দেখা গেল বৃষ্টি আর শৌচাগারের নোংরা পানি। কিছু শৌচাগার বন্ধ, কয়েকটিতে পানি নেই। দরজা নড়বড়ে। স্বল্প দূরত্বের ট্রেনগুলোতে যাত্রীদের বাড়তি পাওনা ছাড়পোকার কামড়।এসব বিষয়ে রেলওয়ের মহাপরিচালক বলেন, কিছুটা সমস্যা তো আছেই। তবে বর্ধিত ভাড়ার সঙ্গে যাত্রীসেবার মানও বাড়ানো হয়েছে।চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও জামালপুর পথের যাত্রীদের সবচেয়ে বড় অভিযোগ, ট্রেনে নিরাপত্তার অভাব। তাঁদের অভিযোগ, যাত্রীবেশে অজ্ঞান পার্টি ও ছিনতাইকারীরা তো আছেই, এর সঙ্গে যুক্ত হয়েছে হকারবেশী ছিনতাইকারী। এরা ল্যাপটপ, মুঠোফোন, ভ্যানিটি ব্যাগ নিয়ে দৌড় দেয়।ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ১৩ অক্টোবর থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক খায়রুল বাশার জানান, ঈদের পাঁচ দিন আগের অর্থাৎ ২২ অক্টোবরের টিকিট বিক্রি হবে ১৩ অক্টোবর। এভাবে ২৬ অক্টোবরের টিকিট বিক্রি হবে ১৭ অক্টোবর। ১৩ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত অনলাইনেও টিকিট পাওয়া যাবে। একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। ঈদের জন্য আন্তনগর ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয়েছে।