অবরোধের দ্বিতীয় দিনে গতকাল বুধবার চট্টগ্রাম নগরে গণপরিবহন চলাচল স্বাভাবিক ছিল। তবে মহাসড়কের চিত্র ছিল ভিন্ন। চট্টগ্রাম-ঢাকা, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সীমিত আকারে দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান চলেছে। বন্ধ ছিল শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস চলাচল।
এর আগে মঙ্গলবার রাতে পুলিশি পাহারায় মহাসড়কে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও বাস চলেছে। টানা অবরোধে মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল অনেকটাই সীমিত হয়ে পড়ায় গতকাল সকাল থেকেই চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়।
রেলওয়ে সূত্র জানায়, মহাসড়কে গাড়ি চলাচল কমে যাওয়ায় প্রতিটি আন্তনগর ট্রেনে গড়ে পাঁচ-ছয়টি করে বগি বাড়ানো হয়েছে। এর পরও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিশ্ব ইজতেমার কারণেও ট্রেনে যাত্রীদের চাপ বেড়েছে। কাল শুক্রবার থেকে টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। দূরপাল্লার বাস না চলায় মুসল্লিরা বিপাকে পড়েছেন।
গতকাল চট্টগ্রাম স্টেশনে আবির হাসান নামের এক যাত্রী প্রথম আলোকে বলেন, ‘আগামী রোববার ঢাকায় যাব। অবরোধ কত দিন চলবে জানি না। তাই আগেভাগেই টিকিট কিনতে এসেছি। তিনটি টিকিট দরকার। কিন্তু মহানগর গোধূলী ট্রেনের দুটি টিকিট পেয়েছি।’
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. বেলাল উদ্দিন প্রথম আলোকে জানান, প্রতিটি আন্তনগর ট্রেনে পাঁচ-ছয়টি করে কোচ (বগি) বাড়িয়েও যাত্রীর চাপ সামাল দেওয়া যাচ্ছে না। তবু যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ।
অবরোধের প্রথম দিন গত মঙ্গলবার থেকে চট্টগ্রাম-ঢাকা এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে সব ধরনের শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস চলাচল বন্ধ রয়েছে। তবে নন-এসি বাস সীমিত আকারে চলাচল করছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান ও নন-এসি বাস চলাচল স্বাভাবিক আছে। শীতাতপনিয়ন্ত্রিত বাস চলছে না। মহাসড়কে পুলিশি পাহারা জোরদার করা হয়েছে।
অবরোধ কর্মসূচির ঘোষণা দিলেও গতকাল নগরের প্রবেশপথগুলোতে ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি। গত সোমবার বিকেলে চট্টগ্রাম নগরে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দলের জ্যেষ্ঠ ও মাঝারি সারির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হওয়ার পর প্রায় সবাই গা ঢাকা দিয়েছেন। ওই ঘটনায় ৩৮৮ জনের বিরুদ্ধে জননিরাপত্তা ও সন্ত্রাস দমন আইনে পুলিশ মামলা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা তিনটায় নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের নেতৃত্বে বিএনপির ১৮-২০ নেতা-কর্মী অক্সিজেনের ওয়াজিদিয়া নতুনপাড়া থেকে একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি অক্সিজেন হয়ে অনন্যা আবাসিক এলাকা পর্যন্ত যায়। এ ছাড়া রাজপথে অবরোধের পক্ষে বিএনপির নেতা-কর্মীদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।