ট্রেনে ভিড়েও স্বস্তি, ৫টি বিলম্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বৃহস্পতিবার রেলওয়ে স্টেশনেও যাত্রীদের চাপ ছিল। অনেকে ঝুঁকি নিয়ে ছাদে উঠে গ্রামের বাড়ি উদ্দেশে রওনা হন। ছবি: আহমেদ দীপ্ত
আজ বৃহস্পতিবার রেলওয়ে স্টেশনেও যাত্রীদের চাপ ছিল। অনেকে ঝুঁকি নিয়ে ছাদে উঠে গ্রামের বাড়ি উদ্দেশে রওনা হন। ছবি: আহমেদ দীপ্ত

ট্রেনে ঈদযাত্রার পঞ্চম দিনে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখী মানুষের প্রচণ্ড ভিড় দেখা গেছে। যাত্রী ওঠা-নামা ও বিলম্বে আসার কারণে পাঁচটি ট্রেন স্টেশন থেকে দেরিতে ছেড়ে গেছে।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আজ শেষ কর্মদিবস হওয়ায় অনেকেই এক দিনের ছুটি নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন। রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, আজ ভোর থেকেই যাত্রীর চাপ অনেক বেশি। তবে বেলা বাড়তেই সেই চাপ কমে আসে। বিকেল নাগাদ যাত্রীর এই চাপ বাড়বে।

সকালে কমলাপুরে গিয়ে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফর্মগুলোয় ঘুরমুখী মানুষের উপচে পড়া ভিড়। স্বজনদের সঙ্গে ঈদ করতে ট্রেনের জন্য অপেক্ষা করছেন অনেকে। ট্রেন একটু দেরিতে ছাড়লেও ক্ষোভ নেই কারও। বরং সড়কের যানজটে পড়তে হবে না বলে অনেকে স্বস্তি প্রকাশ করলেন।

স্টেশনে ট্রেন আসতেই সবাই হুড়মুড়িয়ে পড়ছেন। ট্রেনের কামরায় জায়গা না পেয়ে অনেকেই ঝুঁকি নিয়ে ছাদেও উঠছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ভোর থেকে সাড়ে ১১টা পর্যন্ত ২৬টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। সারা দিনে ছেড়ে যাবে ৬৭টি ট্রেন। এর মধ্যে চিলাহাটিগামী নীলসাগর ট্রেনটি আড়াই ঘণ্টা, রংপুর এক্সপ্রেস দুই ঘণ্টা, ধূমকেতু এক্সপ্রেস এক ঘণ্টা ও সুন্দরবন এক্সপ্রেস দেড় ঘণ্টা দেরি করে ছেড়েছে।

এ ছাড়া বিভিন্ন গন্তব্যের কয়েকটি ট্রেন ১৫ থেকে ২০ মিনিট দেরি করে স্টেশন ছেড়ে গেছে।

স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে কথা হয় আবদুল মোমেনের সঙ্গে। পরিবারের চার সদস্যকে নিয়ে তিনি নীলফামারীতে গ্রামের বাড়ি যাচ্ছেন। ট্রেন আড়াই ঘণ্টা দেরির কথা জানালে তিনি প্রথম আলোকে বলেন, সময়ের গাড়ি সময়ে না এলে একটু তো খারাপ লাগেই। যা-ই হোক, রাস্তার মতো জ্যামে তো আর পড়তে হবে না। এতেই শান্তি।

স্টেশন ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ট্রেন বিলম্বে আসার কারণেই স্টেশন ছেড়ে যেতে দেরি হচ্ছে। এখন যাত্রীদের অতিরিক্ত ভিড়। যাত্রী ওঠাতে ও নামাতে অনেক সময় লাগে। ১০ থেকে ১৫ মিনিট লেগে যায়, যেখানে বরাদ্দ মাত্র দুই মিনিট। এটা কিন্তু সময়সীমায় অন্তর্ভুক্ত নয়।

ছাদে ওঠার প্রসঙ্গে স্টেশন ব্যবস্থাপক বলেন, ‘ছাদে না ওঠার বিষয়টা আমরা বারবার বলি। প্রতিবারই বলি। নিরাপত্তা দিয়ে তাদের নামানোর চেষ্টা করি। এর অতিরিক্ত তো কিছু নয়। যাত্রী যদি নিজেরই সচেতন হওয়া উচিত।’