ঘন কুয়াশায় চট্টগ্রামে বিমান-বাসের সময়সূচি ঠিক নেই
ট্রেনে যাত্রার ১০ দিন আগে টিকিট উন্মুক্ত করা নিয়ে প্রশ্ন
ঘন কুয়াশার কারণে সারা দেশে বাস ও বিমানের সময়সূচি ঠিক থাকছে না। তাই ট্রেনের ওপর যাত্রীর চাপ বেড়েছে। কিন্তু যাত্রার ১০ দিন আগে ট্রেনের টিকিট উন্মুক্ত করে দেওয়ায় টিকিট সংগ্রহে বেগ পেতে হচ্ছে যাত্রীদের। ফলে ট্রেনের টিকিট নিয়ে আবার কালোবাজারিদের উৎপাত বেড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সারা দেশে ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল সাড়ে নয়টার আগে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পথের উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে। এক সপ্তাহ ধরে মধ্যরাত থেকে সকাল সাড়ে নয়টার আগে বিমানের সময়সূচি ঠিক থাকছে না বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন। একইভাবে সড়কপথেও রাতের দিকে বাস চলাচলের সূচি স্বাভাবিক রাখা যাচ্ছে না। বিমান ও বাসের সূচি পরিবর্তনের কারণে ট্রেনের দিকে ঝুঁকছে যাত্রীরা। কিন্তু চট্টগ্রাম ও ঢাকার কমলাপুর স্টেশনে গিয়ে কাঙ্ক্ষিত টিকিট মিলছে না বলে যাত্রীদের অভিযোগ। যাত্রার ১০ দিন আগেই টিকিট উন্মুক্ত করে দেওয়ায় কালোবাজারিদের হাতে কিছু টিকিট চলে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। রেলওয়ে সূত্র জানায়, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে যাত্রার কেবল তিন দিন আগে টিকিট উন্মুক্ত করে দেওয়া হয়। এতে প্রকৃত যাত্রীরা টিকিট পেয়ে আসছিল। রেলওয়ে সূত্র আরও জানায়, সুরঞ্জিত সেনগুপ্তের বিদায়ের পর গত ৩১ জুলাই থেকে টিকিট বিক্রির সিদ্ধান্ত পাল্টে যায়। এতে তিন দিনের পরিবর্তে আবার ১০ দিন আগে টিকিট উন্মুক্ত করে দেওয়া হয়, যে কারণে সাধারণ যাত্রীদের দুর্ভোগ আবার বাড়তে থাকে। ঢাকার একটি মন্ত্রণালয়ের কর্মকর্তা স্ত্রী ও দুই সন্তান নিয়ে চট্টগ্রামে বেড়াতে আসেন। এক সপ্তাহ আগে চট্টগ্রামে পৌঁছেই স্টেশনে লোক পাঠিয়ে তিনি টিকিট পাননি। যাত্রার ১০ দিন আগে টিকিট উন্মুক্ত করে দেওয়ায় সব বিক্রি হয়ে যায়। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেন বলেন, ‘যাত্রার ১০ দিন আগে টিকিট উন্মুক্ত করে দেওয়ায় যাত্রীদের কষ্ট হচ্ছে। কারণ, বেশির ভাগ যাত্রীর হাতে আমরা টিকিট তুলে দিতে পারি না।’ আবুল হোসেন নামের চট্টগ্রামের এক ব্যবসায়ী গত শনিবার ঢাকা থেকে বিকেলে সুবর্ণ এক্সপ্রেসে চট্টগ্রামে আসেন। ঢাকার খিলগাঁও এলাকার এক কালোবাজারির কাছ থেকে তিনি ৬৭৩ টাকা দামের টিকিট ৯০০ টাকা দিয়ে কেনেন। শনিবার সকালে এই টিকিট কিনে তিনি বিকেলের ট্রেনে চট্টগ্রামে ফেরেন। আবুল হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘ঢাকার কমলাপুর কাউন্টারে কোনো টিকিট পাওয়া যায় না। ঢাকার খিলগাঁও, ফকিরাপুল ও বাসাবো এলাকায় কালোবাজারিদের কাছে অনেক টিকিট। যাত্রার সময় যত ঘনিয়ে আসবে, টিকিটের দামও তত বাড়িয়ে দেয় কালোবাজারিরা।’সূচি লন্ডভন্ড: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে এক সপ্তাহে অভ্যন্তরীণ পথে চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে। তিন থেকে ছয় ঘণ্টা দেরিতে ওঠানামা করেছে আরও ৩০টি ফ্লাইট। একইভাবে চট্টগ্রাম থেকে সড়কপথে বিভিন্ন গন্তব্যের বাসের যাত্রাও পিছিয়ে গেছে। এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা পড়ার কারণে বাসের সূচি লন্ডভন্ড হয়েছে বলে জানা গেছে।