ট্রেনে 'ত' বগিই নেই
ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রামে যাবেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী বিবর্ধন রায়সহ চারজন। এ জন্য টিকিট কিনেছিলেন আন্তনগর মহানগর প্রভাতী ট্রেনের। টিকিটের গায়ে বগি নম্বর ছিল ‘ত’। টিকিটে আসন নম্বর ১৭ থেকে ২০। কিন্তু তাঁরা ট্রেনে ‘ত’ নম্বর কোনো বগি পাননি। ফলে এই চারজনসহ ‘ত’ নম্বর বগির টিকিট পাওয়া অন্তত অর্ধশত যাত্রীকে পড়তে হয় বিপাকে।
পরে তাঁদের মধ্যে অর্ধেক যাত্রীকে অন্য দুটি বগিতে বসার ব্যবস্থা করা হয়, বাকিদের যেতে হয় দাঁড়িয়ে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।
কয়েকজন যাত্রী অভিযোগ করেন, ‘ত’ বগির টিকিট কাটা যাত্রী ছিলেন ৫০ থেকে ৬০ জন। প্রতি টিকিটের দাম ৩২০ টাকা। ওই বগি না থাকায় তাঁদের ভোগান্তিতে পড়তে হয়। পরে অর্ধেক যাত্রীকে ছ এবং ঞ বগিতে বসালেও বাকি ২০-২৫ জনকে দাঁড়িয়ে যেতে হয়। মহানগর প্রভাতী ছাড়ার কথা ছিল সকাল ৭টা ৪০ মিনিটে। কিন্তু ছাড়ে সোয়া ১০টায়। চট্টগ্রামে পৌঁছায় বিকেল সাড়ে পাঁচটায়।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সরদার শাহাদাত আলী প্রথম আলোকে বলেন, ‘আসলে বেশ কিছুদিন ধরে ত বগিটি ট্রেনে থাকছে না। ওই বগির টিকিটও কম্পিউটার থেকে এত দিন বিক্রি বন্ধ রাখা হয়েছিল। কিন্তু ঈদের চাপে মনোযোগ দিতে না পারায় কোনো কারণে এই বগির টিকিট কম্পিউটার থেকে দেওয়া হয়েছে। আমরা বিষয়টি জানার পরই যাত্রীদের অন্য জায়গায় যেখানে পেরেছি বসিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই সমস্যা আর হবে না।’