ট্রেনেও জাল টিকিট!
পাবনার চাটমোহর রেলস্টেশনের কাউন্টার থেকে ট্রেনের জাল টিকিট বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ এই স্টেশন থেকে দীর্ঘদিন ধরেই চোরাই ও জাল টিকিট বিক্রির ব্যবসা চলছে৷ সম্প্রতি দুটি জাল টিকিট ধরা পড়ায় ঘটনা তদন্তে পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে৷
চাটমোহর স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ৩ মে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি এই স্টেশনে পৌঁছালে এখান থেকে ট্রেনে ওঠা যাত্রীদের কাছ থেকে ট্রেন পরিদর্শকেরা দুটি টিকিট জব্দ করেন৷ ওই টিকিট যাঁদের কাছে ছিল, সেই দুই যাত্রী জিজ্ঞাসাবাদে জানান, তাঁরা কাউন্টার থেকেই টিকিট দুটি কিনেছিলেন৷ টিকিট দুটির ওপর চাটমোহর-ঢাকা লেখা ছিল। অথচ সিরিয়াল নম্বর ছিল সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের। পরে ঢাকা থেকে ফিরতি ট্রেনে টিকিট দুটির নমুনা (ফটোকপি) চাটমোহর স্টেশনে পাঠানো হলে সেগুলো জাল প্রমাণিত হয়।
ওই টিকিট দুটি যেদিন ধরা পড়ে, ওই দিন কাউন্টারের দায়িত্বে থাকা বুকিং সহকারী জাহিদুল ইসলাম বলেন, ‘আমি কাউন্টার থেকে এই টিকিট ছাড়িিন৷ হয়তো যাত্রীরা কম দামে পেয়ে অন্য কোথাও থেকে তা নিতে পারেন৷’
স্থানীয় লোকজন ও স্টেশনের কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী জানান, ঈদ, পূজাসহ বিভিন্ন ছুটির সময় ট্রেনে যাত্রীর চাপ বেড়ে যায়। আর এ সুযোগে টিকিট কালোবাজারি চক্রটি বিভিন্ন অপকর্ম শুরু করে। তারা কাউন্টার থেকে অগ্রিম টিকিট কিনে পরে বেশি দামে বিক্রি করা থেকে শুরু করে জাল টিকিটও বিক্রি করে৷ ১ থেকে ৩ মে পর্যন্ত তিন দিন সরকারি ছুটি থাকায় ট্রেনে যাত্রীর চাপ বেড়ে গিয়েছিল। এ সময়ও চক্রটি তৎপর হয়ে ওঠাই স্বাভাবিক৷ সূত্রটি আরও জানায়, মাত্র দুটি জাল টিকিট ধরা পড়লেও চক্রটি প্রকৃতপক্ষে প্রচুর এ ধরনের জাল টিকিট বিক্রি করে মুনাফা লুটছে৷
পশ্চিমাঞ্চল রেলের চাটমোহর স্টেশন মাস্টার মহিউল ইসলাম বলেন, ‘জাল টিকিট জব্দ হওয়ার পর বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে। বর্তমানে ট্রেনের টিকিট বিক্রি কম্পিউটার নিয়ন্ত্রিত৷ রেলকর্মীদের অনেকেই প্রযুক্তিটি খুব ভালো না বোঝায় এ সুযোগ কাজে লাগিয়ে কোনো চক্র এ ধরনের ঘটনা ঘটাতে পারে। বিষয়টি লিখিতভাবে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি৷’
এ ব্যাপারে জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) সুজিত কুমার বিশ্বাস বলেন, ‘বিষয়টি জানার পরই আমরা রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর শাহীনুর রহমানকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। তিনি তদন্ত প্রতিবেদন জমা দিলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে৷’